![]()
ইবি রিপোর্ট
ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। এ লক্ষ্যে পুরো নগরীকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি জোনের ই-রিকশার জন্য থাকবে পৃথক রং। নির্ধারিত এলাকার বাইরে অন্য জোনে এসব যানবাহন চলাচল করতে পারবে না। পাশাপাশি প্রতিটি এলাকায় কতসংখ্যক রিকশা চলবে, তা নির্ধারণ এবং নিবন্ধনের প্রস্তুতিও শুরু হয়েছে।
সম্প্রতি সরকার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ জারি করেছে। গত ২৯ অক্টোবর প্রকাশিত এই বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুসরণ করে অন্যান্য সিটি করপোরেশনের পাশাপাশি গাজীপুরেও ই-রিকশা নিয়ন্ত্রণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
বিধিমালার গেজেট অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
নিবন্ধন ও নবায়ন থেকে পাওয়া অর্থ সিটি করপোরেশনের রাজস্ব হিসেবে জমা হবে। নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট চালককে বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নম্বর প্লেট দেওয়া হবে। এতে গাড়ির বিস্তারিত তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট চার্জিং গ্যারেজের তথ্যও সংযুক্ত থাকবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম জানান, নগরীকে কয়েকটি জোনে ভাগ করে প্রতিটি এলাকায় ভিন্ন রঙের ই-রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন জোনে কতটি রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।
নতুন বিধিমালায় ই-রিকশা নিবন্ধনের জন্য কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি শর্ত রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি করপোরেশনের নির্ধারিত নিয়মে নিবন্ধনের আবেদন করা যাবে।
বিধিমালা অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট থাকবে। নিবন্ধন ছাড়া কোনো ব্যাটারিচালিত রিকশা সড়কে চলাচলের অনুমতি পাবে না।
এদিকে, রিকশাচালকদের কয়েকজন জানিয়েছেন, তাঁরা সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন নিয়ে গাড়ি চালাতে আগ্রহী। তাঁদের মতে, নির্দিষ্ট জোন এবং আলাদা রঙের ব্যবস্থা কার্যকর হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল করছে কি না, তা সহজেই শনাক্ত করা যাবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অনিয়ন্ত্রিত রিকশার সংখ্যা কমানো সম্ভব হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে সিটি করপোরেশন থেকে নিবন্ধন নেওয়ার আগে বুয়েটের ফিটনেস সনদ এবং ট্রাফিক বিভাগের ছাড়পত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলে ৩০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার যুগান্তরকে বলেন, ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে গাজীপুরকে আটটি জোনে ভাগ করে প্রতিটির জন্য পৃথক রং নির্ধারণ করা হয়েছে। এ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্যান্য সিটি করপোরেশন কার্যক্রম শুরু করলে গাজীপুরেও এটি চালু করা হবে।
পাঠকের মন্তব্য