![]()
ইবি রিপোর্ট
বছরজুড়ে পরিশ্রম আর বিনিয়োগের পর যখন আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন ফেনীর কৃষকরা, তখনই ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নতুন উদ্বেগ তৈরি করেছে। পাকা ধানগাছ নুয়ে পড়ছে, নিচু জমিতে পানি জমছে, এমনকি কেটে মাঠে রাখা ধানও ভিজে যাচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতায় শীতকালীন সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে অনিশ্চয়তায় পড়েছেন জেলার কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) ফেনী জেলার বিভিন্ন এলাকার ফসলি জমি ঘুরে এমন চিত্র দেখা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৭৬ হেক্টর, উফশী ৬৪ হাজার ৯৮৬ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বর্তমানে ৪৭ শতাংশ ধান পেকে কাটার উপযোগী হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত কাটা হয়েছে ২৮ শতাংশ।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার বিস্তীর্ণ মাঠে বেশির ভাগ আমন ধান পেকে গেছে। কিছু এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজও শুরু হয়েছে। এবার ভালো ফলনের প্রত্যাশা থাকলেও টানা বৃষ্টিতে সেই আশা বাধাগ্রস্ত হচ্ছে। জমিতে পানি জমে থাকায় পাকা ধান ভিজে নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতি এড়াতে কেউ কেউ আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। কিন্তু শ্রমিকের বেশি মজুরি এবং প্রতিকূল আবহাওয়ায় সেই উদ্যোগও ব্যাহত হচ্ছে।
পরশুরামের বীরচন্দ্র নগর গ্রামের কৃষক আবজালুর রহমান বলেন, আমনে ভালো ফলন হলেও ফসল কেটে বাড়িতে আনতে পারেননি। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।
আরেক কৃষক আবুল কালাম জানান, বৃষ্টি না হলে এত দিনে ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু ঝোড়ো হাওয়ায় তাঁর ৪০ শতকের বেশি জমির পাকা ধান নুয়ে পড়েছে। ঘরে ফসল তোলার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ফুলগাজী উপজেলাতেও আমন ধান নিয়ে উদ্বেগ বাড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সেখানে ৬ হাজার ২২৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ৭০ শতাংশ এখনো মাঠে রয়েছে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে কিছু ধানগাছ তলিয়ে গেছে। কেটে জমিতে রাখা ধানও ভিজে নষ্ট হচ্ছে।
মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কৃষক নুরুল আমিন বলেন, কয়েক দিনের মধ্যেই ধান কাটা ও মাড়াই শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই আবহাওয়া খারাপ হয়ে গেছে। বাতাসে পাকা ধানগাছ হেলে পড়েছে, জমিতে পানি জমেছে এবং ধান ঝরে যাচ্ছে। বৃষ্টির আগে কেটে রাখা ধানও নষ্ট হচ্ছে। এখন ধান কাটতে গেলে শ্রমিকের খরচ বেশি হবে। আবার বৃষ্টির কারণে কাটা ধান শুকানোও সম্ভব হচ্ছে না।
স্থানীয় কৃষকদের কয়েকজন জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যা ও উজান থেকে নেমে আসা ঢলে তাঁদের আমন আবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছিল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছিল। কিন্তু অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আবারও ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু জমির ধান বেশি ঝুঁকিতে রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে আগামী দিনে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তাঁরা।
আমন ধানের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির আবাদও ক্ষতির ঝুঁকিতে রয়েছে। কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলু চাষ করেছেন। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে এসব সবজির চারার গোড়া পচে নষ্ট হতে পারে।
সোনাগাজীর আমিরাবাদ এলাকার কৃষক মো. রুবেল বলেন, চড়া সুদে ঋণ নিয়ে এবং বেশি দামে সার-বীজ কিনে এবার আমন ও শীতকালীন সবজি চাষ করেছেন। ভালো ফলন হওয়ায় লাভের আশা করেছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাঁর দুশ্চিন্তা বেড়েছে।
পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাস বলেন, বৃষ্টিতে মূলত নিচু জমি ও রাস্তার আশপাশের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জমিতে পানি জমে থাকায় কাটা ধান ও পাকা ফসল নিয়ে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও বেলা ১১টা থেকে আবার বৃষ্টি শুরু হয়। রোববার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ক্ষতি কমাতে কৃষি বিভাগের পরামর্শ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সম্ভাব্য ক্ষতি কমাতে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, আমন ধান ৮০ শতাংশ পেকে গেলে আর অপেক্ষা না করে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শীতকালীন সবজির জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া ও শিমের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আমন ধানের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। বৃষ্টি থেমে দ্রুত রোদ উঠলে ধানের ক্ষয়ক্ষতি কম হবে। সামনে কৃষি প্রণোদনা কর্মসূচি এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন বলেন, এখন পর্যন্ত বৃষ্টিতে ফসলের তেমন বেশি ক্ষতি হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। জেলায় বর্তমানে সচল ৩৮টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে সচেষ্ট রয়েছেন।
পাঠকের মন্তব্য