![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাত, হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গত এক মাসে অপরিশোধিত তেলের মূল্য কমেছে ১৪ শতাংশ। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো দাম অনেক বেশি রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮৩ দশমিক ৬২ ডলার। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সম্প্রতি দাম কমেছে বলে জানা গেছে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে এসব হামলার অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ প্রণালির নিরাপত্তাঝুঁকিকে ‘গুরুতর’ হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটি সেখানে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে।
এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন।
তবে আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ এখনো অব্যাহত রয়েছে। যদিও এক বছর আগের তুলনায় এই পথে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প পথেও জ্বালানি সরবরাহ চালু রয়েছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ সচল থাকায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি।
তবে সাম্প্রতিক দরপতন সত্ত্বেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরেনি জ্বালানি তেলের বাজার। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। বর্তমানে সেই দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬২ ডলারে।
অর্থাৎ, এক মাসে ১৪ শতাংশ দাম কমলেও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রতি ব্যারেলে এখনো প্রায় ১৬ ডলার বেশি খরচ হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ববাজারে উদ্বেগ ধরে রেখেছে।