![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের আলোচনা নতুন করে গতি পেয়েছে। সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে অভিন্ন লক্ষ্য থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামী আপাতত একই মঞ্চে কিংবা যুগপৎ কর্মসূচিতে অংশ নিচ্ছে না। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে রয়েছে।
রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নাশকতা প্রতিরোধে সমন্বিত অবস্থান নিলেও কর্মসূচি পালন করবে আলাদাভাবে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও তাদের জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ডিসেম্বরকে সামনে রেখে নতুন কর্মসূচি প্রস্তুত করছে বিএনপি।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই একসঙ্গে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে।
জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে ছিল। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের অবস্থানে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তবে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বিরোধী দলগুলোর একাধিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ থাকলে তা দীর্ঘস্থায়ী হবে না। তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিএনপি যেন আগের রাজনৈতিক বক্তব্য ও অবস্থানে ফিরে না যায়, সে বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন। এ কারণে ঐক্যের ব্যাপারে লিখিত অঙ্গীকার চাইছে বিরোধী দলগুলো।
বিরোধী দলগুলোর প্রস্তাবিত ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। এ উদ্যোগের আওতায় জুলাই সনদ বাস্তবায়নে যেসব বিষয়ে টালবাহানা হয়েছে এবং যেসব বিষয় বাদ পড়েছে, সেগুলোর সমাধান কীভাবে হবে, তা লিখিতভাবে নির্ধারণের দাবি রয়েছে। পাশাপাশি সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো কতটুকু অন্তর্ভুক্ত করা হবে, সেটিও চূড়ান্ত করার কথা বলছেন তারা।
বিরোধী সূত্রগুলোর অভিযোগ, বিএনপির সঙ্গে দলগুলোর সম্পর্কের ক্ষেত্রে সরকারের তিনজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের বক্তব্য এবং প্রতিপক্ষের প্রতি আচরণ ঐক্য গঠনের পথে বাধা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্ট নেতাদের দাবি। এ বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান তাঁরা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি।
জুলাই সনদ এবং জাতীয় ঐক্যকে এক করে দেখার সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এ ক্ষেত্রে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই বাস্তবায়নের পথ তৈরি হবে। দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও নাশকতা প্রতিরোধে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপির সঙ্গে একই মঞ্চে কিংবা যুগপৎ কর্মসূচি পালনের পরিকল্পনা নেই। ৪০ দিনের কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি এখন সরকারে এবং জামায়াতে ইসলামী বিরোধী দলে। এ কারণে আগের মতো এক মঞ্চে বা যুগপৎ আন্দোলনের পরিস্থিতি নেই। উভয় দল যখন বিরোধী দলে ছিল, তখন এ ধরনের কর্মসূচি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবে এবং জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে তাঁদের নেতাকর্মীরা দেশজুড়ে সক্রিয় রয়েছেন। এ ক্ষেত্রে এনসিপি সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। তবে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের প্রতি সরকার তুলনামূলক নমনীয় আচরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতার সুযোগ পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে বলে তাঁদের জানা নেই। তাঁর মতে, জাতীয় ঐক্য গড়তে সব দলকে একই মঞ্চে আসতে হবে, এমন নয়। বরং অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে নিজ নিজ অবস্থান থেকে রাজপথে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই বেশি প্রয়োজন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর মতে, জুলাইয়ের ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পৃথক কর্মসূচি চালু রাখার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। সেখানে পারস্পরিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মন্তব্য