![]()
ইবি রিপোর্ট
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় হামলার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, প্রায় ২০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বিভিন্ন বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের পাশাপাশি মালামাল লুট করে আগুন ধরিয়ে দেন। এতে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও স্থাপনায় হামলা চালানো হয় বলে স্থানীয়দের অভিযোগ। এসব হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন কয়েকজন বাসিন্দা।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তারা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে সড়ক থেকে গাছ সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
তিনি জানান, গ্রামটিতে অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। পাশাপাশি বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলীও বেন্দারচর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের একটি ইউনিট সেখানে কাজ করতে যায়। তবে ঠিক কতটি বাড়ি পুড়েছে, সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়ি। এ ছাড়া কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এখন পর্যন্ত প্রায় ১০টি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা। ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ নিয়ে যেসব খবর ছড়িয়েছে, তার সবকিছু পুরোপুরি সত্য নয়। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০টি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। অন্য যেসব বাড়িঘরের কথা বলা হচ্ছে, সেগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল। সেগুলো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর।
এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা হয়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। বিএনপি নেতাকর্মীরা এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হন।
দুই নেতার মৃত্যুর পর থেকে কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য