![]()
ইবি রিপোর্ট
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার মায়ের মৃত্যুর পর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক বছর বয়সী আরিস রহমান মাহাদ। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাহাদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার বিকালে মাহাদের মা ইফতি সাবা (২৫) মারা যান। বিস্ফোরণে তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। মা ও ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
একই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিকের শরীরের ছয় শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া প্রতিবেশী সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং তাঁর মা সামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) এবং তাঁদের এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ।
এ ছাড়া পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২) দগ্ধ হন। বিস্ফোরণের পর আহত পাঁচজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়ে আব্দুর রহমান মানিক জানান, কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকতেন তাঁরা। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে যান। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একে একে দগ্ধ অবস্থায় সবাই ঘর থেকে বের হন।
মানিক আরও জানান, তাঁদের বাসায় রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হতো। তবে সিলিন্ডারটি রাখা ছিল ভবনের নিচে। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন অথবা কোথাও গ্যাস লিকেজ ছিল। এ কারণে সারা রাত গ্যাস বের হয়ে রান্নাঘরে জমা হতে পারে।
সকালে চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করছেন তিনি। বিস্ফোরণের পর আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে এবং পাঁচজন দগ্ধ হন।
এ ঘটনায় একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। তাঁদের বাবা আব্দুর রহমান মানিকসহ প্রতিবেশী সানজিদা ও তাঁর মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠকের মন্তব্য