![]()
ইবি রিপোর্ট
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন, তাঁর পরিণতি প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। একই সঙ্গে আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে সংঘটিত ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ না করলে সমঝোতা বা পুনর্মিলনের আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।
পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।’ তাঁর মতে, সন্ত্রাস ও হত্যার রাজনীতি থেকে সরে এসে গত ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার করতে হবে। পাশাপাশি বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস পরিত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত পূরণ না হলে রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের বিষয়ে আলোচনা করার সুযোগ নেই।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে মাহফুজ আলম এ বক্তব্য দিলেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য ছিলেন।
নিজের পোস্টে সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়ানোর প্রসঙ্গও তুলে ধরেন অল্টারনেটিভসের এই সংগঠক। তিনি জানান, ২১শে আগস্ট, ২০২৪ এ সম্ভাব্য সিভিল ওয়ার সিচুএশন এড়াতে রিকনসিলিয়েশনের প্রস্তাব তুলেছিলেন তিনি। তাঁর ভাষ্য, জুলাইয়ের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম এ ধরনের আলোচনার কথা বলেছিলেন।
তবে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে মাহফুজ আলম বলেন, দলটির অস্থিমজ্জায় সন্ত্রাস রয়েছে। তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা অতীত কর্মকাণ্ড পর্যালোচনার প্রবণতা নেই। তাঁর মতে, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। এর ফলে শিল্প-বাণিজ্য ধ্বংস হওয়ার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হতে পারে।
এসব পরিস্থিতির জন্য আওয়ামী লীগ এবং দলটিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিষয়টি তুলে ধরে সরকার ও জনগণের প্রতি জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান মাহফুজ আলম। তাঁর মতে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং জনগণের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান থাকা প্রয়োজন।
পাঠকের মন্তব্য