![]()
ইবি রিপোর্ট
দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের জন্য কাজ ও ব্যবসার সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাকে আয় ও কর্মসংস্থানে রূপ দেওয়ার পথ সহজ নয়। কোথাও উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নেই, কোথাও নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মীর অভাব। আবার নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ থাকলেও নানা শর্তে তা পাওয়া কঠিন হয়ে পড়ছে। পাঁচ অঞ্চলের বাস্তবতা বিশ্লেষণ করে এমন চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।
‘মেসো–ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, দেশে সুযোগের অভাবই তরুণদের কর্মসংস্থানের একমাত্র বাধা নয়। জাতীয় পর্যায়ে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে চাকরি, আয় কিংবা ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান, আর্থিক সহায়তা ও সেবার ঘাটতিও বড় প্রতিবন্ধকতা।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দাবির পাশাপাশি অর্থনৈতিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষাও কাজ করেছে। তরুণেরা কীভাবে কর্মজীবনে প্রবেশ করবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজ পাবেন এবং সরকারি সেবা গ্রহণ করবেন—এসব বিষয় অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশার অংশ।
তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি এবং পরিবার বা ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তরটি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। এই স্তরকে তিনি ‘মেসো–ইকোনমি’ বা অর্থনীতির মধ্য স্তর হিসেবে উল্লেখ করেন। জাতীয় নীতির মাধ্যমে তৈরি সুযোগকে কাজে লাগিয়ে একজন তরুণের চাকরি পাওয়া কিংবা নিজের উদ্যোগ সম্প্রসারণের বিষয়টি এই স্তরের সঙ্গে সম্পর্কিত। আবার প্রয়োজনীয় সহায়তা না থাকলে এখানেই তাঁর অগ্রযাত্রা থেমে যেতে পারে।
গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে বলা হয়েছে, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ উচ্চশিক্ষার সনদ থাকলেও চাকরি নিশ্চিত হচ্ছে না।
এ ছাড়া ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে উৎপাদন খাতে কর্মসংস্থান ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। অথচ একই সময়ে শিল্প খাতের আকার বছরে ৯ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, শিল্পের সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির সামঞ্জস্য তৈরি হয়নি।
২০২৬ সালের ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ এবং নিয়োগদাতাদের নিয়ে পৃথক পরামর্শ সভা করা হয়। সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে মতামত দেন ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাইটেক পার্ক, উপকূলীয় নোয়াখালী এবং বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়।
রাজশাহী: গবেষণায় দেখা গেছে, এ অঞ্চলে আম উৎপাদন বেশি হলেও প্রক্রিয়াজাতকরণ ও সংশ্লিষ্ট সেবা খাত পিছিয়ে রয়েছে। দেশের প্রায় অর্ধেক আম রাজশাহী অঞ্চল থেকে এলেও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, এর প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয়। ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য পরিমাণ আম নষ্ট হওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। আমের শুকনা টুকরা, ঘনীভূত উপাদান, আঁটির বাটা ও তেল তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। রাজশাহীর রেশম খাতেও অব্যবহৃত সক্ষমতা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
যশোর: ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল, নারীদের পরিচালিত সেবা ব্যবসা এবং ডিজিটাল উদ্যোগের বৈচিত্র্য থাকলেও এসব প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক সেবা পাওয়া যাচ্ছে না। গবেষণায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা নেই এমন কর্মকর্তারা পার্ক পরিচালনা করছেন। কাছের একটি বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত তথ্যপ্রযুক্তি পরীক্ষাগারও অব্যবহৃত রয়েছে।
নোয়াখালী: উপকূলীয় এলাকায় কৃষি, প্রাণিসম্পদ ও নানা ধরনের উদ্যোগের সুযোগ থাকলেও স্থানীয় প্রক্রিয়াজাতকরণ এবং উপযোগী অর্থায়নের ঘাটতি রয়েছে। সয়াবিন ভাঙানো কিংবা পশুখাদ্য তৈরির কারখানা না থাকায় উৎপাদিত সয়াবিন এলাকা থেকে বাইরে চলে যায়। ফলে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ করে বাড়তি আয় ও কর্মসংস্থান তৈরির সুযোগ সীমিত থাকছে।
কৃষির সঙ্গে ঋণের কিস্তির সময়সূচির সামঞ্জস্য না থাকার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। ফসল বিক্রির অর্থ হাতে আসার আগেই কিস্তি পরিশোধ শুরু হয়। নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধার উদাহরণ হিসেবে এক নারী জানিয়েছেন, স্বামীর উপস্থিতি ও স্বাক্ষর না থাকায় তিনি ঋণ পাননি। উপকূল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক নারীও জমির দলিল, খতিয়ান এবং স্বামীর স্বাক্ষর চাওয়ার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আবার নারীর নামে নেওয়া ঋণ স্বামীর নিয়ন্ত্রণে থাকার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।
চট্টগ্রাম: বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবায় কাজের সুযোগ থাকলেও দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। তরুণদের অভিযোগ, চাকরির ক্ষেত্রে আগে থেকেই অভিজ্ঞতা চাওয়া হয় এবং অনানুষ্ঠানিকভাবে অর্থ বা ঘুষ দিতে হয়। নিয়োগদাতারা ব্যবহারিক দক্ষতার অভাব এবং প্রশিক্ষিত কর্মীদের ধরে রাখার সমস্যার কথা জানিয়েছেন। তরুণদের প্রশ্ন, প্রথম চাকরির আগেই অভিজ্ঞতা চাওয়া হলে তাঁরা সেই অভিজ্ঞতা অর্জন করবেন কীভাবে। তাঁদের মতে, ইন্টার্নশিপ ও খণ্ডকালীন কাজের সুযোগও সীমিত।
বান্দরবান: ফলবাগান, কফি, কাজুবাদাম, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পে জীবিকার সম্ভাবনা থাকলেও যোগাযোগব্যবস্থা, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ এবং ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর সীমাবদ্ধতা উৎপাদকদের আয় কমিয়ে দিচ্ছে। কয়েক দশক ধরে সরকার এ জেলায় জুমচাষে নিরুৎসাহিত করে ফলের বাগান করতে উৎসাহ দিয়েছে। গবেষণায় অংশ নেওয়া এক ম্রো ব্যক্তি বলেন, ‘রাষ্ট্রের পরামর্শে সবাই বাগান করেছে। কিন্তু যত আমগাছ লাগানো হচ্ছে, তত পানি শুকাচ্ছে।’
তরুণদের চাকরি ও ব্যবসা শুরুর পথে বাধা কমাতে সাতটি অগ্রাধিকার প্রস্তাব দিয়েছে পিপিআরসি। এর মধ্যে রয়েছে বেতনসহ শিক্ষানবিশের সুযোগ তৈরি এবং প্রশিক্ষণের খরচ ভাগাভাগির মাধ্যমে নিয়োগদাতাদের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা। পাশাপাশি আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের কিস্তি নির্ধারণ এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে এমন জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের শর্ত তুলে দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
ছোট প্রতিষ্ঠানের জন্য আঞ্চলিক পর্যায়ে লাইসেন্স সেবা চালু, বিক্রির পরিমাণের ভিত্তিতে মূল্যায়ন এবং সেবার মানদণ্ড প্রকাশের প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া কাজ ও শিক্ষায় অংশগ্রহণের বাধা কমাতে শিশুযত্ন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, নিয়োগপ্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান সুরক্ষার সুপারিশ করেছে পিপিআরসি। নীতিনির্ধারকদের সঙ্গে তরুণ ও স্থানীয় অংশীজনদের নিয়মিত সংলাপ, আঞ্চলিক চেম্বারগুলোর আনুষ্ঠানিক ভূমিকা এবং অভিযোগের জবাব ও প্রতিকারের ব্যবস্থাও গড়ে তোলার প্রস্তাব দিয়েছে গবেষণাপ্রতিষ্ঠানটি।
পাঠকের মন্তব্য