![]()
ইবি রিপোর্ট
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংস কর্মকাণ্ড ঠেকাতে সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। এমনকি সন্ত্রাসীদের ভয়ে পুলিশ সদস্যদের থানা ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ, গাছপালা কাটা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হাসপাতালে ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছেন। বিরোধী দলের নেতাকর্মীরাও তাঁদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। দুটি থানায় আগুন দেওয়ার কারণে সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সেখানে কোনো পুলিশ সদস্য নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সন্ত্রাসীদের ভয়ে পুলিশের থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দলটির নেত্রীর নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ। গত ১৭ বছরে অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। স্বাধীনতার পর তিন হাজার রাজনৈতিক কর্মী হত্যা, পিলখানায় সেনা সদস্যদের হত্যা, শাপলা চত্বরে তৌহিদি জনতার প্রাণহানি এবং সাঈদীর রায়ের পর দেড় শতাধিক মানুষ হত্যার অভিযোগও তুলে ধরেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ফাঁসি, ক্রসফায়ার ও নানা ধরনের নির্যাতন চালানোর কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, নেত্রী না থাকলেও নেতাদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেসব কর্মকাণ্ড করছেন, তাতে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে। রাজপথে ঢাল-সরকি নিয়ে অবস্থান করার এই দৃশ্য জঙ্গিবাদের চেয়ে কম নয় বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামী ও আলেম-ওলামাদের জঙ্গিবাদ আখ্যা দেওয়ার সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, গাড়ি পোড়ানো, বাড়িঘরে আগুন দেওয়া কিংবা মানুষ হত্যা করে জনসমর্থন পাওয়া সম্ভব নয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো পক্ষ স্বাধীন-সার্বভৌম দেশের একটি অংশ বিচ্ছিন্ন করে সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাইলে আধিপত্যবাদবিরোধী, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সব সময় বিরোধী দলকে দায়ী না করে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের দায়িত্বের দিকেও নজর দেওয়া উচিত। তাঁর অভিযোগ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার সন্ত্রাসও নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ অবস্থায় মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন পুনর্বিবেচনার সময় এসেছে।
তিনি আরও দাবি করেন, সংবাদপত্রে বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। রাজশাহীর বিভিন্ন বাড়িতেও বিএনপি নেতাদের আশ্রয়ে আওয়ামী লীগের নেতারা রয়েছেন বলে সংবাদমাধ্যমে দেখেছেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা কিছু নেতাকর্মী মিটিং-মিছিলে বক্তব্যের শেষে ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
গোলাম পরওয়ারের দাবি, সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এমনকি মন্ত্রিসভায়ও আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক বছর ভারতে আশ্রয়ে থাকার সময় ‘র’-এর সঙ্গে যোগাযোগ করে কী পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন, তা এখন কাজে লাগাচ্ছেন বলে সেখানে বলা হচ্ছে। এসব খবরের বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর রাখার আহ্বান জানান তিনি।
তবে সরকার ব্যর্থ হোক, তা জামায়াতে ইসলামী চায় না বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, তাঁরা সরকারকে পদত্যাগ করতে বলেননি। বরং আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনগণের ঐক্য চান। তাঁর মতে, ২৪ জুলাই রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ছিল বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার আকাঙ্ক্ষার প্রতিফলন। এ জন্য মানুষ রক্ত দিয়েছে। জুলাই সনদ ছিল সেই ঐক্যের মূলমন্ত্র। কিন্তু সরকার সেই সনদকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
পাঠকের মন্তব্য