![]()
ইবি স্পোর্টস রিপোর্ট
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের একটি আয়োজনের সুযোগ। পুরুষদের ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রতিযোগিতার সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বাছাইপর্বের ম্যাচগুলো দেশের মাটিতে আয়োজনের জন্য চেষ্টা চালানো হবে।
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের আসরে ফিরছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেতে দলগুলোকে পেরোতে হবে বাছাইপর্বের ধাপ। পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব বাংলাদেশ পেলেও নারীদের চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব। এই প্রতিযোগিতার ম্যাচগুলো ঢাকায় আয়োজনের বিষয়ে বিসিবির পরিকল্পনার কথা রোববার এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, যেন সব ম্যাচ (অলিম্পিক বাছাইপর্বের) ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।’
বাছাইপর্বের দল নির্বাচন ও ভেন্যু নির্ধারণের প্রক্রিয়া নিয়েও কথা বলেন তামিম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অলিম্পিকে ক্রিকেটের ছয়টি দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গা নির্ধারণের জন্য আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাইপর্ব।
এই প্রতিযোগিতার আয়োজক হওয়ার বিষয়ে গত তিন-চার মাস ধরে আলোচনা চালিয়ে আসছিলেন বলে জানান বিসিবি সভাপতি। বাংলাদেশকে ভেন্যু হিসেবে নির্বাচিত করার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
তামিম বলেন, ‘অলিম্পিকে ছয়টি দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গার জন্য আট দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’
এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়ার বিষয়েও আশাবাদ প্রকাশ করেছেন তামিম ইকবাল। দেশের মাঠে ভালো দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার পাশাপাশি বিদেশের মাটিতেও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে আসছিল বিসিবি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপে দেশের মাটিতে ভালো দলগুলোর বিপক্ষে খেলতে পারি। একইভাবে দেশের বাইরেও ভালো দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো সাড়া পেয়েছি।’
অলিম্পিক ক্রিকেটের পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ তৈরির বিষয়টিও বিসিবির পরিকল্পনায় রয়েছে বলে তামিমের বক্তব্যে উঠে এসেছে।
পাঠকের মন্তব্য