![]()
ইবি রিপোর্ট
লকডাউন-পরবর্তী সময়ে গোপালগঞ্জের জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে গভীর রাতে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বিজিবি ও পুলিশ গণগ্রেফতার চালাচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। মসজিদের মাইকে প্রচারিত এ খবরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে জেলা শহরে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। খুলেছে দোকানপাট ও বিপণিবিতান। অফিস-আদালত, ব্যাংক-বিমা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও কার্যক্রম শুরু হয়েছে।
সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কগুলোতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যানবাহন চলাচল করছে। শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণে তাদের উপস্থিতি তুলনামূলক বেশি।
এর আগে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। টুঙ্গিপাড়াতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
এসব ঘটনার পর গভীর রাতে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে গণগ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকার মসজিদের মাইক ব্যবহার করে প্রচার করা হয়, বিজিবি ও পুলিশ এলাকায় প্রবেশ করে গণগ্রেফতার অভিযান চালাচ্ছে। এমন প্রচারণার পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে অনেকেই রাতের বেলায় নিজেদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মাইকিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়া এ প্রচারণাকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এর কিছুক্ষণ পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ফেসবুক পেজ থেকেও সতর্কবার্তা প্রচার করা হয়।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিজিবি, আনসার ও এসআরবি সদস্যদের উপস্থিতি রয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে বর্তমানে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং অতিরিক্ত এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন। তাদের উপস্থিতির মধ্যেই শহরের স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে। তবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
অন্যদিকে, জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীসহ কোথাও এখন পর্যন্ত নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১০ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা থাকলেও মাঠপর্যায়ে দলটির উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি।
সব মিলিয়ে গোপালগঞ্জে যান চলাচল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে রাতের গণগ্রেফতারের গুজব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।
পাঠকের মন্তব্য