![]()
ইবি রিপোর্ট
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ধাপে ধাপে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাসে যাত্রীদের জন্য নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী ভাড়ার বিষয়টি গুরুত্ব পাবে। প্রচলিত ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে চায় সরকার।
শেখ রবিউল আলম জানান, পুরো পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনায় বাস পরিচালনার প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে নতুন চুক্তিভিত্তিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। এতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। চুক্তির ভিত্তিতেই বাস পরিচালিত হবে।
নতুন ব্যবস্থার আরেকটি অংশ হলো ‘গ্রস-কস্ট’ মডেল। এ পদ্ধতিতে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। এরপর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, এই পদ্ধতি চালু হলে যাত্রী ওঠানোর জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাস পরিচালনায় শৃঙ্খলা, সেবার মান এবং অপারেটরদের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সভায় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেস উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিআরটিসির মাধ্যমে বৈদ্যুতিক বাস চালু করে পরে বেসরকারি খাতকে যুক্ত করা হবে। তবে পুরো উদ্যোগ বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।
পাঠকের মন্তব্য