![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
জামায়াতে ইসলামির আমির ও বাংলাদেশের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ হিন্দু ও ইহুদি সংগঠন। হামাসের নেতাদের প্রতি তাঁর অতীতের প্রশংসাসূচক বক্তব্যকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া হিন্দু সংস্থা ও অস্ট্রেলিয়া ইহুদি সংস্থা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সংগঠন দুটি দাবি করেছে, শফিকুর রহমান হামাসের নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর তাঁর প্রশংসা করেছিলেন এবং তাঁকে ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। একই সঙ্গে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের বক্তব্য, দলটির সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ কারণে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে তাদের উদ্বেগ রয়েছে বলে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ায় তাঁর সফরের সময় অভ্যর্থনা আয়োজন নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠন দুটি। যৌথ বিবৃতিতে বলা হয়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল তাঁকে অভ্যর্থনা জানায়। ওই অনুষ্ঠানে দেশটির কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের কাছে কয়েকটি প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের বক্তব্য, শফিকুর রহমানকে কেন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, তা জানানো প্রয়োজন।
অস্ট্রেলিয়া ইহুদি সংস্থার সভাপতি রবার্ট গ্রেগরিও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়লেত সাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।
রবার্ট গ্রেগরির প্রশ্ন, ইসরায়েলি নেতাদের ক্ষেত্রে প্রবেশে বাধা দেওয়া হলেও হামাসের প্রশংসা করেছেন—এমন একজন নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো।
শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে দেওয়া যৌথ বিবৃতিতে মূলত তাঁর অতীতের বক্তব্য, জামায়াতের ইতিহাস এবং অস্ট্রেলিয়ায় তাঁকে অভ্যর্থনা জানানোর বিষয়গুলো সামনে এনেছে সংগঠন দুটি। পাশাপাশি এ সফরের অনুমতি ও সরকারি পর্যায়ে যোগাযোগের বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের ব্যাখ্যা চেয়েছে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মন্তব্য