![]()
ইবি রিপোর্ট
দেশে আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভয় পাচ্ছে না, বরং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, জনগণই এখন সন্ত্রাসীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের অবহিত করেন।
ব্রিফিংয়ের শুরুতে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থান ও মনোভাব সম্পর্কে তাদের জানান। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা দেশের মানুষ জানে।
দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, দিল্লি থেকে শেখ হাসিনার সমর্থনে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ বিষয়ে জনগণ অবগত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। দেশের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক ও অবস্থান দৃঢ়। জনগণের আস্থা এবং সমর্থনকে ভিত্তি করেই সরকার চলমান পরিস্থিতি মোকাবিলা করছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই এখন আতঙ্কিত হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ রাষ্ট্র ও সমাজে পরিবর্তন প্রত্যাশা করছে। তারা দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। এ কারণে অপরাধে জড়িতদের বিরুদ্ধে সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় নয় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে সরকারের গৃহীত বিভিন্ন নীতি, কার্যক্রম এবং দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধু ও অংশীদারদের অবহিত করতেই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে। সরকারের কার্যক্রম সম্পর্কে দেশের জনগণকে অবহিত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সরকারের অবস্থান ও কর্মকাণ্ড তুলে ধরতে চায়। সেই ধারাবাহিকতায় কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থানে কোনো শিথিলতা থাকবে না বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি মিশনের প্রধান অংশ নেন। এ ছাড়া জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষে ব্রিফিংয়ে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
পাঠকের মন্তব্য