![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে এখন প্রতিযোগিতা শুধু একটি পণ্যের জনপ্রিয়তা ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নেই। ত্বক, চুল, শরীর, মেকআপ, শিশুর পরিচর্যা থেকে সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক উপকরণ—একই ব্র্যান্ডের আওতায় যত বেশি চাহিদা পূরণ করা যায়, বাজারে অবস্থান তৈরির সুযোগও তত বাড়ছে। এই প্রতিযোগিতায় রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি ৩৮টি পণ্য ক্যাটাগরি নিয়ে দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।
প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা পণ্যতালিকা অনুযায়ী, ক্যাটাগরির সংখ্যায় লিলির পর রয়েছে ম্যারিকো বাংলাদেশের প্যারাস্যুট, যার পণ্য ১৯টি শ্রেণিতে বিস্তৃত। স্কয়ার টয়লেট্রিজের মেরিল ও ইউনিলিভারের পন্ডস—উভয়ের রয়েছে ১৪টি করে ক্যাটাগরি। কোহিনুর কেমিক্যালসের তিব্বত ব্র্যান্ডের পণ্য রয়েছে সাতটি ক্যাটাগরিতে। এই তুলনা বাজারে ব্র্যান্ডগুলোর পণ্য সম্প্রসারণের ভিন্ন কৌশল তুলে ধরে।
লিলির পণ্যসম্ভারে রয়েছে স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার, রঙিন প্রসাধনী ও সৌন্দর্যচর্চার উপকরণ। ত্বকের পরিচর্যায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটার রয়েছে। চুলের যত্নে শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল বাজারজাত করছে ব্র্যান্ডটি।
মেকআপের ক্ষেত্রেও লিলির পণ্য তালিকা বিস্তৃত। লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো ও নেইলপলিশ রয়েছে এর পণ্যসম্ভারে। শিশুদের জন্য ‘লিলি লিটল ওয়ান’ নামে আলাদা সিরিজে লোশন, শ্যাম্পু, বেবি অয়েল, ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম, টুথপেস্টসহ বিভিন্ন পণ্য রয়েছে। এ ছাড়া ‘এসেনশিয়ালস’ লাইনে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, ক্লিপ ও পাউচ ব্যাগের মতো উপকরণ পাওয়া যায়।
অন্যদিকে, মেরিলের পরিচিতি তৈরি হয়েছে পেট্রোলিয়াম জেলি ও লিপজেলের মতো পণ্য দিয়ে। বর্তমানে সাবান, শাওয়ার জেল, গ্লিসারিন, লিপ বাম, শ্যাম্পু ও শিশুর পরিচর্যার বিভিন্ন পণ্য রয়েছে ব্র্যান্ডটির। পন্ডসের পণ্য মূলত ত্বকের পরিচর্যাকেন্দ্রিক। ফেসওয়াশ, স্ক্রাব, ক্রিম, ময়েশ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন, ট্যালকম পাউডার ও বডি লোশনের পাশাপাশি পুরুষদের জন্যও আলাদা পণ্য রয়েছে। লাক্সের প্রধান উপস্থিতি সাবান ও বডিওয়াশে।
প্যারাস্যুটের মূল ভিত্তি চুলের পরিচর্যা। নারকেল তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল ও শ্যাম্পুর পাশাপাশি ব্র্যান্ডটি শিশুর লোশন, তেল, সাবান, শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশ বাজারজাত করছে। তিব্বতের পণ্য তালিকায় রয়েছে স্নো, সাবান, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, লিপ জেল, হেয়ার অয়েল, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, আতর ও ডিটারজেন্ট।
রিমার্কের লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ভোক্তাদের চাহিদা বিবেচনায় নতুন পণ্য ও ক্যাটাগরি যুক্ত করার মাধ্যমে লিলির পরিধি বেড়েছে। পণ্যের মান, ফর্মুলেশন ও প্যাকেজিং বজায় রাখার পাশাপাশি বাজার পর্যবেক্ষণ এবং নকল পণ্য প্রতিরোধেও প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানান তিনি।
স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, দীর্ঘদিন পণ্যের মান ধরে রাখা ও ভোক্তার আস্থা অর্জন একটি ব্র্যান্ডের সম্প্রসারণের ভিত্তি। তাঁর মতে, বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য নিয়ে উদ্বেগ বাড়ায় দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সামনে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
দেশীয় শিল্পের সক্ষমতা নিয়েও আশাবাদ রয়েছে সংশ্লিষ্টদের। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের মতে, প্রযুক্তিগত সুবিধা ও পণ্যের মান উন্নয়নের মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলোও বিস্তৃত পণ্যসম্ভার গড়ে তুলতে পারে। অর্থনীতিবিদ সৈয়দ আহসানুল আলম পারভেজ মনে করেন, দেশীয় ব্র্যান্ডের সম্প্রসারণ আমদানিনির্ভরতা কমাতে এবং স্থানীয় শিল্পভিত্তি শক্তিশালী করতে সহায়ক হতে পারে।