![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশাকে বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির পর তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত মূল মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। এতে তাঁদের মাসিক মোট আয় আরও বাড়বে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্যের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে। তাঁদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ এখন বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।
মাহ্দী আমিনের মতে, পোশাকশিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন, তাঁদের পরিবারের সংগ্রাম এবং কারখানার ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, এটি নৈতিক ও সম্মিলিত দায়িত্বও।
তিনি জানান, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার পাশাপাশি বর্তমান মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতাও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
ফেসবুক পোস্টে তিনি শ্রমিকদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাত দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং অধিক সুযোগ নিশ্চিত করতে পারে।
মাহ্দী আমিন বলেন, শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধিও সুরক্ষিত থাকবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, শ্রমিকদের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান মাহ্দী আমিন। একই সঙ্গে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে শ্রমিক ও মালিকদের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সহনশীলতা এবং সহযোগিতার আহ্বান জানান তিনি।
পাশাপাশি অপপ্রচার, উসকানি কিংবা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
পাঠকের মন্তব্য