![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জকে বাংলাদেশের অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জেলা ঘোষণার চেষ্টা সংবিধান ও আইনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের উদ্যোগে জড়িত ব্যক্তিদের দেশদ্রোহী আখ্যা দিয়ে তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে কোনো জেলাকে পৃথকভাবে স্বাধীন ঘোষণার প্রচেষ্টায় জড়িত ব্যক্তিদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, আইন ও সংবিধানের দৃষ্টিতে তারা দেশদ্রোহী। দেশের কোনো অঞ্চলকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি কিংবা নাগরিক অধিকার কারও নেই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক কার্যক্রম চলার সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তার দেশে ফিরে আসা উচিত ছিল।
এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘তিনি আসেননি— এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ তার মতে, এখন শেখ হাসিনার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের ঘটনাও আলোচনায় আনেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। একই সঙ্গে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল।
হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের দেওয়া রায় মেনে নিতে হবে।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দিয়েছেন।
তবে জাতীয় ঐক্যকে স্বল্পমেয়াদি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘস্থায়ী করার আহ্বান জানান তিনি। সংসদে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে আহ্বান জানানো হয়েছে, সেটিকে তিনি সম্মান করেন বলেও উল্লেখ করেন।
ঐক্য প্রক্রিয়ায় দূরত্ব তৈরির কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং সেটিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন জামায়াত আমির। এসব বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া গেলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।
পাঠকের মন্তব্য