![]()
ইবি রিপোর্ট
দেশের ৪১টি স্থানে মাত্র তিন সপ্তাহে ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা ও মহাসড়ক অবরোধ। এসব কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের দায়ী করে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার চিত্র তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকাল ৯টায় শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ৫০টির বেশি মিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে। রাজনৈতিক অস্থিরতা বাড়াতে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়াচ্ছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে তারা শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছেন। এর ফলে দেশের অর্থনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতাকে সরকার গুরুত্ব দেয়। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হতে পারে—এমন কর্মকাণ্ড মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার, দৃঢ় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে মোট ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত থাকলেও বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা মিছিল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
ব্রিফিংয়ে গোপালগঞ্জের দুটি থানায় হামলার ঘটনাও তুলে ধরা হয়। হুমায়ুন কবির জানান, ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে বিজিবির একজন সদস্য গুরুতর আহত হন।
এ ছাড়া ১৯ নভেম্বর মুকসুদপুরের আরেকটি থানায় হামলা চালানো হয়। সেখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুরের তথ্যও কূটনীতিকদের জানানো হয়। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার বিবরণ তুলে ধরা হয়।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। তার দাবি, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানো এসব তৎপরতার উদ্দেশ্য। তিনি জানান, সংশ্লিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফিরিয়ে আনতেও আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে সরকার।
ব্রিফিংয়ে কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বক্তব্য দেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কূটনীতিক জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সময়ে দেশটির পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে হুমায়ুন কবির বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করার কাজ চলছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ ও উন্নত ভবিষ্যৎ প্রত্যাশা করে।
পাঠকের মন্তব্য