![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে আয়ারল্যান্ডে বাংলাদেশি দূতাবাস স্থাপনের পাশাপাশি ঢাকায় দেশটির আবাসিক দূতাবাস চালুর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডাবলিনে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম। আরাস আন উয়াখতারেইনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আইরিশ প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শুভেচ্ছাও পৌঁছে দেন।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল। ডাবলিনে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা সেই সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি। এর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ, অংশীদারত্ব ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অংশীদার হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন নূর আলম। বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলোকে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন তিনি।
বাংলাদেশ-ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে আয়ারল্যান্ডের অংশগ্রহণকে স্বাগত জানান রাষ্ট্রদূত। দক্ষ জনশক্তির চলাচল সহজ করা এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে আয়ারল্যান্ডের কর্মী চাহিদা পূরণে এই উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের প্রতিযোগিতামূলক শ্রমবাজার এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে আইরিশ প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, পরিবেশবান্ধব জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারে বলে জানান তিনি। প্রায় ১৮ কোটি মানুষের বাংলাদেশের বাজার আইরিশ পণ্য ও সেবার জন্যও সম্ভাবনাময় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। মূলধনী যন্ত্রপাতি, ওষুধ, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পরিচালনার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে নূর আলম বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পরিসরে তাদের পক্ষে অবস্থানের প্রশংসা করেন তিনি। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাম্প্রতিক মামলায় আয়ারল্যান্ডের লিখিত বক্তব্য জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।
আইরিশ প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আরও গভীর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে আয়ারল্যান্ডের আগ্রহের কথা জানান।