![]()
ইবি রিপোর্ট
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন।
ধান সংগ্রহের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান মজুদ ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ জন্য খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী সেগুলো বাতিল এবং নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া নতুন গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান থাকার কথা জানানো হয়। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে ডিলার নিয়োগের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগ করা হবে।
অন্যদিকে, তৈরি পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
পাঠকের মন্তব্য