![]()
রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিআইআইডি এক্সপো–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিদ্যুতের চাপ কমাতে এবং ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। এ বিষয়ে আগামী জুনের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করে সরকারি আদেশ জারি করা হবে।
উপদেষ্টা আরও জানান, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিশেষভাবে সোলার ও উইন্ড এনার্জির ওপর গুরুত্ব দিচ্ছে। তবে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার পেছনে তিনি নেতৃত্বের ঘাটতিকে একটি কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখার জন্য বিকল্প জ্বালানি উৎসের দিকে জোর দেওয়া হচ্ছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগর এলাকায় বিদ্যুৎ নির্ভরতা কমার পাশাপাশি বাড়বে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রবণতা—এমনটাই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য