![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে ইউরোপ প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের জ্বালানি কোম্পানি এনাগাসের প্রধান নির্বাহী আরতুরো গনজালো। তাঁর মতে, চলতি শীত মৌসুম এবং আগামী বছরগুলোয় ইউরোপের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে। রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগকে তিনি ইউরোপের জ্বালানি সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন।
গত মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন গনজালো। তিনি বলেন, রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত ইউরোপের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর ফলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় ঝুঁকি দূর হবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। এরপর ধাপে ধাপে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা পুরোপুরি শেষ করার লক্ষ্য রয়েছে জোটটির।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন এনাগাসের প্রধান নির্বাহী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার গ্যাসের বিকল্প উৎস ও সরবরাহ ব্যবস্থার কারণে ইউরোপের অতিরিক্ত ব্যয় হয়েছে ৫ হাজার ২০০ কোটি ইউরো। এর মধ্যে শুধু স্পেনের ব্যয় ৬০০ কোটি ইউরো।
রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত ইউরোপের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের অংশ। দীর্ঘদিন ধরে রাশিয়া ইউরোপের অন্যতম গ্যাস সরবরাহকারী ছিল। তবে ইউক্রেন যুদ্ধের পর সরবরাহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেয় ইউরোপীয় ইউনিয়ন।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা ইউরোপের জন্য বড় বিবেচ্য বিষয়। এনাগাসের প্রধান নির্বাহীর বক্তব্য অনুযায়ী, আসন্ন শীত মৌসুমসহ পরবর্তী বছরগুলোর চাহিদা মেটানোর প্রস্তুতি রয়েছে ইউরোপের। তবে নির্ধারিত সময়ের মধ্যে আমদানি বন্ধের পরিকল্পনা বাস্তবায়নই হবে এই জ্বালানি নীতির পরবর্তী ধাপ।
সূত্র: রয়টার্স
পাঠকের মন্তব্য