![]()
সালেহ মোবিন
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে বিদেশি ঋণের ওপর নির্ভর না করে দেশীয় ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে বড় অর্থায়ন গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন এক উদ্যোক্তা। তাঁর পরিকল্পনা অনুযায়ী, সম্মিলিত উদ্যোগে ২৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা সংগ্রহ করে দেশের নিজস্ব এআই, ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা সম্ভব।
বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা প্রযুক্তির উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে প্রায় ২৫ কোটি ডলার ঋণ নেওয়ার উদ্যোগের খবর সামনে আসার পর এ বিকল্প অর্থায়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবদাতা মনে করেন, দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ অপারেটর, ডেটা সেন্টার, ক্লাউড সেবাদাতা, সফটওয়্যার কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা কাজে লাগিয়ে ঋণের বিকল্প হিসেবে দেশীয় বিনিয়োগের সুযোগ তৈরি করা যেতে পারে।
তাঁর বক্তব্য, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কাঠামো, পেশাদার নেতৃত্ব ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব। বিদেশি অর্থায়নের পাশাপাশি দেশের নিজস্ব আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগও বিবেচনা করা উচিত।
সাত উদ্যোগে বিনিয়োগের কাঠামো
প্রস্তাবটির প্রথম ধাপে স্থানীয় ক্লাউড সেবাদাতা, ডেটা সেন্টার, সফটওয়্যার কোম্পানি, ইন্টারনেট সেবা প্রদানকারী ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি জাতীয় এআই ও সাইবার নিরাপত্তা কনসোর্টিয়াম গঠনের কথা বলা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা এক জায়গায় এনে প্রযুক্তি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। ক্লাউড প্রতিষ্ঠানগুলো কম্পিউটিং ও তথ্য সংরক্ষণ সুবিধা দেবে, ডেটা সেন্টারগুলো সার্ভার অবকাঠামো সরবরাহ করবে, সফটওয়্যার কোম্পানিগুলো এআই মডেল ও অ্যাপ্লিকেশন তৈরি করবে এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো তথ্য সুরক্ষায় কাজ করবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো যুক্ত হবে গবেষণা ও উদ্ভাবনে।
দ্বিতীয় উদ্যোগ হিসেবে চালু করা যেতে পারে দেশীয় প্রযুক্তি উন্নয়ন বন্ড। প্রস্তাব অনুযায়ী, সরকারের অনুমোদন ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ করে প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করা যেতে পারে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, বড় করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ তহবিল ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নিতে পারবেন। তবে বন্ডের মেয়াদ, মুনাফা, ঝুঁকি, অর্থ ব্যবহারের খাত ও পরিশোধের নিয়ম আগেই নির্ধারণ করে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া টেলিযোগাযোগ, ব্যাংকিং, তৈরি পোশাক, উৎপাদনশিল্প, ই-কমার্সসহ বিভিন্ন খাতের বড় প্রতিষ্ঠানগুলোকে করপোরেট বিনিয়োগে উৎসাহিত করার প্রস্তাব রয়েছে। এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমে এআই, ক্লাউড কম্পিউটিং, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার ব্যবহার বাড়বে। ফলে প্রযুক্তি অবকাঠামো তৈরিতে বিনিয়োগ করলে একদিকে জাতীয় সক্ষমতা বাড়বে, অন্যদিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও নিজেদের কার্যক্রমে এসব সেবা ব্যবহারের সুযোগ পাবে।
চতুর্থ প্রস্তাবটি হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে জাতীয় এআই উন্নয়ন তহবিল গঠন। এ তহবিল থেকে বাংলা ভাষাভিত্তিক এআই মডেল, ডিজিটাল তথ্যভান্ডার, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তির প্রয়োগ, স্টার্টআপ, গবেষণা এবং সাইবার নিরাপত্তা কার্যক্রমে অর্থায়ন করা যেতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও উদ্যোক্তাদের জন্য অনুদান এবং উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজনের কথাও বলা হয়েছে।
অবকাঠামো ও বিনিয়োগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সরকার-বেসরকারি অংশীদারত্বে জাতীয় এআই ডেটা সেন্টার, আঞ্চলিক ক্লাউড অবকাঠামো, জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালনা কেন্দ্র, এআই গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি উন্নয়ন অঞ্চল গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। এ ক্ষেত্রে সরকার জমি, নীতিগত সহায়তা, অনুমোদন ও দীর্ঘমেয়াদি সেবা ক্রয়ের নিশ্চয়তা দিতে পারে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ, প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দায়িত্ব নিতে পারে।
বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে আগাম সেবা ক্রয়ের প্রতিশ্রুতিভিত্তিক একটি মডেলও প্রস্তাব করা হয়েছে। দেশের ৫০০টি বড় প্রতিষ্ঠানকে নিয়ে এমন উদ্যোগ গড়ে তোলা যেতে পারে, যেখানে তারা আগামী পাঁচ বছর নির্দিষ্ট পরিমাণ ক্লাউড, এআই ও সাইবার নিরাপত্তা সেবা ব্যবহারের প্রতিশ্রুতি দেবে। এর ভিত্তিতে দীর্ঘমেয়াদি সেবা চুক্তি বা বিনিয়োগ চুক্তি করা হলে প্রকল্পের সম্ভাব্য গ্রাহক ও আয়ের ভিত্তি আগেই তৈরি হতে পারে।
এ ছাড়া বিদেশে থাকা বাংলাদেশি প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের যুক্ত করে একটি প্রযুক্তি বিনিয়োগ নেটওয়ার্ক গঠনের কথা বলা হয়েছে। শেয়ারভিত্তিক বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটাল ও আইনসম্মত অন্যান্য ব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে অর্থায়নের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে।
২৫ কোটি ডলারের সম্ভাব্য অর্থায়ন
প্রস্তাবিত পরিকল্পনায় মোট ২৫ কোটি ডলার সংগ্রহের একটি প্রাথমিক কাঠামো তুলে ধরা হয়েছে। এতে স্থানীয় ক্লাউড ও আইটি কনসোর্টিয়াম থেকে ৪ কোটি ডলার, শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট বিনিয়োগ থেকে ৫ কোটি ডলার, প্রযুক্তি উন্নয়ন বন্ড থেকে ৬ কোটি ডলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪ কোটি ডলার, সরকারি ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব থেকে ৩ কোটি ডলার এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ থেকে দেড় কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বাকি দেড় কোটি ডলার আসতে পারে এআই উদ্ভাবন ও ভেঞ্চার ক্যাপিটাল তহবিল থেকে।
হিসাবের সুবিধার্থে প্রতি ডলারের মূল্য ১২২ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা। তবে প্রস্তাবদাতা এটিকে প্রাথমিক অর্থায়ন পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। বাজার যাচাই, বিনিয়োগকারীদের সক্ষমতা, আর্থিক সম্ভাব্যতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত কাঠামো নির্ধারণ করতে হবে। এটি কোনো প্রতিষ্ঠানের নিশ্চিত বিনিয়োগের প্রতিশ্রুতি নয়।
তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
প্রস্তাব অনুযায়ী, প্রথম ছয় মাসে জাতীয় কনসোর্টিয়াম গঠন, ২০ থেকে ৩০টি সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সম্ভাব্যতা যাচাই এবং একটি জাতীয় মহাপরিকল্পনা তৈরির কাজ শুরু করা যেতে পারে। এ পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার কথাও বলা হয়েছে।
পরবর্তী ১২ থেকে ১৮ মাসে নিজস্ব বাংলা ভাষাভিত্তিক এআই মডেল উন্নয়ন, স্থানীয় ক্লাউড অবকাঠামো সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা পরিচালনা কেন্দ্র স্থাপন এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্য রয়েছে। আর তিন থেকে পাঁচ বছরের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এআই সেবা সম্প্রসারণ, নিজস্ব এআই কম্পিউটিং অবকাঠামো তৈরি ও দেশীয় প্রযুক্তি রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবদাতার মতে, এ উদ্যোগ পরিচালনার জন্য স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ থাকা প্রয়োজন। সরকার, ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, ক্লাউড সেবাদাতা, সফটওয়্যার কোম্পানি ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত পর্ষদের অধীনে বিনিয়োগ, মালিকানা, প্রযুক্তিগত দায়িত্ব, তথ্য সুরক্ষা এবং আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে হবে।
দেশীয় অর্থায়নে এআই ও সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রযুক্তি খাতে বিনিয়োগের নতুন পথ তৈরি হতে পারে। তবে এর জন্য প্রয়োজন অর্থায়নের বাস্তব সক্ষমতা যাচাই, বিনিয়োগকারীদের অংশগ্রহণ, কার্যকর পরিচালনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন। প্রস্তাবদাতার আহ্বান, বিদেশি ঋণের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও জাতীয় প্রযুক্তি অবকাঠামো নির্মাণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। তাঁর মতে, দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ গড়ে তুলতে স্থানীয় মেধা, উদ্যোক্তা ও বিনিয়োগকে এক ছাতার নিচে আনার উদ্যোগই হতে পারে স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ।
লেখক: সালেহ মোবিন
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি)
তথ্যপ্রযুক্তি ও ক্লাউড প্রযুক্তি পেশাজীবী