![]()
ইবি রিপোর্ট
বিএনপি থেকে বহিষ্কৃত অর্ধশতাধিক নেতাকে আবারও দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার শব্দের একটি স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘হাঁস যেখানে আমি সেখানে’। তাঁর এই সংক্ষিপ্ত পোস্টের অর্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের খবর প্রকাশের পর রুমিনের এই পোস্ট সামনে আসে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার কারণে বহিষ্কৃত নেতাদের একটি অংশকে পুনরায় দলে নেওয়ার চিন্তা করছে বিএনপি। এ তালিকায় সাবেক সংসদ সদস্য ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তি রয়েছেন।
দলে ফেরানোর আলোচনায় থাকা নেতাদের মধ্যে সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব ও তাইফুল ইসলাম টিপুর নাম এসেছে। দলীয় সূত্র বলছে, তৃণমূলের বিভেদ কমানো, সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন রুমিন ফারহানা। সেখানে তিনি লেখেন, অনেকেই জানতে চাইছেন, তিনি দলে ফিরবেন কি না। জবাবে তিনি জানান, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি।
ওই পোস্টে রুমিন আরও বলেন, তাঁর কোনো কথা বা আচরণ থেকে আবার বিএনপিতে ফিরবেন—এমন ধারণা করার কারণ নেই। বর্তমানে আল্লাহ তাঁকে যে অবস্থানে রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির সাত নেতা সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আবদুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতাউল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।
দলীয় সূত্রের দাবি, রুমিন ফারহানা ছাড়া অন্য কয়েকজনকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। তবে কারা ফিরবেন এবং কবে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে আবেদনগুলোর ধরন ও প্রেক্ষাপট এক নয়।
রিজভী বলেন, যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বহিষ্কৃত নেতাদের ফেরানোর আলোচনা এবং রুমিন ফারহানার সাম্প্রতিক দুই ফেসবুক পোস্টের কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বুধবারের ‘হাঁস যেখানে আমি সেখানে’ স্ট্যাটাসের অর্থ নিয়ে রুমিন নিজে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
পাঠকের মন্তব্য