![]()
ইবি রিপোর্ট
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়কের ওপর থেকে কারাগারের ফটকে ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসেন। এরপর তাঁরা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। সেটি বিস্ফোরিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান তাঁরা।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ পর্যালোচনা করে ককটেল নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে সড়ক থেকে কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ করেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য