![]()
ইবি রিপোর্ট
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে দাবি করেছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে দুই ব্যক্তি সেখানে চুরি করতে যান। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাঁকে প্রথমে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে হত্যাকাণ্ডের এমন কারণ ও বিবরণ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ কমিশনার জানান, তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায়ও দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি পুলিশের। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্য তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে বলেও জানান তিনি।
হত্যাকাণ্ডের পেছনে চুরির উদ্দেশ্য থাকার কথা তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে অনেক টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকেও স্বর্ণালংকার পরতে দেখা যেত। এসব তথ্যের ভিত্তিতেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন বলে তদন্তে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ার পর তাঁদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর আগে সিদ্ধার্থ ও মুগ্ধ পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় ইয়াবা সেবনের কথাও তদন্তে উঠে এসেছে। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁকে দেখতে পান দুই আসামি। এরপর তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
ছাদে শব্দ শুনে পরে সেখানে যান গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাঁদেরও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।
গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়েও এলাকায় নানা আলোচনা ছিল। তাঁর অবসরকালীন প্রাপ্ত অর্থের পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে প্রচার থাকলেও তদন্তে প্রায় ২০ লাখ টাকা পাওয়ার তথ্য পাওয়া গেছে। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।
তবে পুলিশের তদন্তের ব্যাখ্যা মেনে নিতে রাজি নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তাঁর দাবি, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। শুরু থেকেই দুই ব্যক্তির পক্ষে একা চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও জানান। তাঁর অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই এলাকার বাসিন্দা সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে তদন্ত ও ডিএনএ পরীক্ষার তথ্য প্রকাশের পরও দুই আসামির পাশাপাশি অন্য কেউ জড়িত কি না, তা নিয়ে নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। চার হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল।
পাঠকের মন্তব্য