![]()
ইবি রিপোর্ট
শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দেশে দুধের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে আফরোজা খানম বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা দেওয়া এবং প্রাণিজ খাদ্যের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে। মাংস ও ডিমের চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণতা এলেও দুধের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে আরও মনোযোগ প্রয়োজন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যক্রম নেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাণিসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে যুক্ত করে উৎপাদনশীলতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাতের বিকাশের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।
মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ জেলার প্রান্তিক মানুষের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ শনাক্ত ও চিকিৎসাসেবা দিতে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখ করেন তিনি।
সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেনের উদ্যোগের কথাও তুলে ধরেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ তৈরি করছেন জাবেদ। এর মাধ্যমে পশুখাদ্য সরবরাহে অবদান রাখছেন তিনি। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
দুধ উৎপাদন বাড়ানো এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপনের বিষয়টিও তুলে ধরেন আফরোজা খানম। তিনি বলেন, সেখানে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে এসব পণ্য তৈরিতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগও প্রশংসনীয়।
খাদ্যমন্ত্রীর মতে, প্রাণিসম্পদ খাতের এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি কমানো, কর্মসংস্থান বাড়ানো এবং এ খাতের উন্নয়নে অগ্রগতি সম্ভব হবে। মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রাণিসম্পদের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান খাদ্যমন্ত্রী। বক্তব্যের শেষে তিনি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে সপ্তাহটি উপলক্ষে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা র্যালিতে খামারি, কৃষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নেন।
পাঠকের মন্তব্য