![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত না দিলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করবে সরকার। পাকিস্তান সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। সরকারের বক্তব্য, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তাঁর দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
বিবিসি উর্দুর এক প্রতিবেদনে স্পিকারের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের অনুরোধে ভারত সাড়া না দিলে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
স্পিকারের এই বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁর এই ঘোষণাকে গ্রহণ করেনি বর্তমান সরকার। সরকারের অবস্থান, ব্যক্তিগত ঘোষণা দিয়ে দেশে ফেরার সুযোগ নেই; তাঁকে ফিরতে হলে আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে তাঁর কর্মীদের মনোবল ধরে রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন স্পিকার। তাঁর ধারণা, শেখ হাসিনা বাস্তবে বাংলাদেশে ফিরবেন না।
এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে দেশটির জন্য অস্বস্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। প্রতিমন্ত্রীর ভাষ্য, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার ফলে যে চ্যালেঞ্জ ও জটিলতা তৈরি হতে পারে, ভারতও এখন তা উপলব্ধি করছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।
সূত্র: বিবিসি উর্দু ও এনডিটিভি।
পাঠকের মন্তব্য