![]()
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী তৃণমূল বিধায়ক ও টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও তিনি এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন না এবং আগেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন।
এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি ও অভিজ্ঞতা তাকে হতাশ করেছে। তাঁর অভিযোগ, নির্বাচনে জয়ী হওয়ার পরও কাঙ্ক্ষিত দায়িত্ব বা অফিস না পাওয়ায় তিনি কার্যত কাজের সুযোগ থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন, দীর্ঘ পাঁচ বছরে দলীয় কাজের অভিজ্ঞতা থাকলেও গোষ্ঠীদ্বন্দ্ব ও সমন্বয়ের অভাব তাকে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে। তাঁর মতে, রাজনীতির মঞ্চ তার জন্য উপযুক্ত নয়—এই উপলব্ধিই তাকে সক্রিয় ভূমিকা থেকে দূরে সরিয়ে নেয়।
তবে কাঞ্চন মল্লিক স্পষ্ট করেন, ভবিষ্যতে বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। আপাতত তিনি অভিনয় ও পারিবারিক জীবনে মনোযোগ দিতে চান। প্রায় ৩০ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়েই তিনি আবারও ইন্ডাস্ট্রিতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।
নির্বাচনের ফলাফলের প্রসঙ্গে তিনি জানান, তৃণমূলের পরাজয়ে তিনি দুঃখিত হলেও ব্যক্তিগতভাবে তার সহকর্মী রুদ্রনীল ঘোষের বিজয়ে আনন্দিত হয়েছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও দলীয় বিরোধ নিয়েও মন্তব্য করেন, যেখানে তিনি কিছু ঘটনার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
বর্তমানে রাজনৈতিক পরিচয় থেকে দূরে সরে কাঞ্চন মল্লিক পরিবার ও অভিনয়জীবনকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।
পাঠকের মন্তব্য