![]()
ইবি রিপোর্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে জ্বালানি, গম, সয়াবিন ও তুলা আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পাশাপাশি কয়েক হাজার মার্কিন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। এরপরও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কার্যকর হয়নি। উল্টো রপ্তানি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির সুফল এবং দেশের শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশের বেশি। আগের অর্থবছরের ২৭২ কোটি ডলার থেকে তা বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে বাণিজ্য চুক্তির পর এপ্রিল-জুন প্রান্তিকে আমদানি আগের প্রান্তিকের তুলনায় ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে পৌঁছায়।
এই বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ এসেছে জ্বালানি ও তেল আমদানির বাড়তি ব্যয় থেকে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুট হয়েছে।
চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবছর ৭ লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার প্রতিশ্রুতি রয়েছে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে ১৪টির জন্য ৩৭০ কোটি ডলারের চুক্তি হয়েছে। অন্যদিকে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং আরও ২ হাজার ২১০টি পণ্যে আগামী ১০ বছরে পর্যায়ক্রমে শুল্ক কমাতে সম্মত হয়েছে বাংলাদেশ। সিপিডির হিসাবে, এতে চলতি অর্থবছরে সরকারের শুল্ক আয় কমতে পারে ১ হাজার ৩২৭ কোটি টাকা।
তবে যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে গত সেপ্টেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, দেশটির কাস্টমস বিভাগ এখনো বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সুতা তুলনামূলক ব্যয়বহুল। সেটি আমদানি করে পোশাক তৈরি করলে উৎপাদন ব্যয় বাড়বে। এতে আগে থেকেই সংকটে থাকা দেশের বস্ত্রশিল্প আরও চাপে পড়বে।
এদিকে নতুন শুল্ক প্রস্তাবে বাংলাদেশের শ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে কাঁচামাল আমদানির বিষয়টি সামনে এনেছে যুক্তরাষ্ট্র। তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, চীন থেকে আমদানি করা কাঁচামালে তৈরি পোশাকের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় না।
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারির চুক্তিটি কৌশলগত সম্পর্কের পরিবর্তে লেনদেননির্ভর ছিল। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সমন্বিত কৌশল প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তির কয়েকটি শর্তকে বাংলাদেশ অন্যায্য মনে করে। সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।
পাঠকের মন্তব্য