![]()
ইবি রিপোর্ট
উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সেখানে চলতি মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে বুধবার সকাল ৬টায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় তা আরও কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
স্থানীয় হোটেলশ্রমিক লুৎফর রহমান জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। তবে শীতের অনুভূতি ও ঠান্ডা বাতাস ছিল বেশি। সকালে কাজে বের হওয়া মানুষকে কনকনে ঠান্ডার মধ্যে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগত কমছে। বুধবার সকাল ৯টায় সেখানে দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।