![]()
ইবি রিপোর্ট
ব্যাংকিং খাতে নেতৃত্ব, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেয়েছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন তিনি।
রাজধানীর একটি হোটেলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আলীর হাতে এ সম্মাননা তুলে দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। বিবিএফের বার্ষিক লিডারশিপ সামিটের অংশ হিসেবে চতুর্থবারের মতো এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের মূল্যায়নে বলা হয়েছে, ব্যাংক খাতের বর্তমান সংকটময় পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা অর্জনে মোহাম্মদ আলীর নেতৃত্ব ভূমিকা রেখেছে। তার বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ, নৈতিক দৃঢ়তা এবং আমানতকারী ও ঋণগ্রহীতাদের প্রতি দায়বদ্ধতা পূবালী ব্যাংকের অবস্থান সুসংহত করতে সহায়তা করেছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এ সম্মাননার মাধ্যমে দূরদর্শিতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখা শীর্ষ নির্বাহীদের স্বীকৃতি দেওয়া হয়।
মোহাম্মদ আলীর শিক্ষাজীবন শুরু হয় প্রকৌশল বিষয়ে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পড়াশোনা শেষ করে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়নে ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রিও সম্পন্ন করেন।
২০০৮ সালে পূবালী ব্যাংকে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী। ব্যাংকটির নিজস্ব প্রযুক্তিতে কোর ব্যাংকিং সফটওয়্যার তৈরি এবং বেসরকারি খাতের বৃহত্তম রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন তিনি।
পরবর্তী সময়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আন্তর্জাতিক কার্যক্রম, ঋণ, ট্রেজারি, ভোক্তাঋণ ও কার্ড বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া প্রধান ঝুঁকি কর্মকর্তা এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। ব্যাংকের অভ্যন্তরে কর্মদক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে।
সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ আলী বলেন, ‘এটি আমার একার অর্জন নয়, বরং এটি পূবালী ব্যাংক পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনার এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ওপর রাখা গ্রাহকদের অটুট আস্থার স্বীকৃতি। ছয় দশকেরও বেশি সময় ধরে পূবালী ব্যাংক যে আস্থার উত্তরাধিকার বহন করে চলেছে, তা রক্ষা করা এবং আরো সমৃদ্ধ করাই আমাদের অঙ্গীকার। সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সবার আগে রেখেই আমরা এগিয়ে যাব।’
এ স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ১৯ মে চট্টগ্রামের টেরিবাজারে বাঙালি উদ্যোক্তাদের উদ্যোগে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে পূবালী ব্যাংকের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর রাষ্ট্রীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে পূবালী ব্যাংক রাখা হয়। পরে ১৯৮৩ সালে বিরাষ্ট্রীয়করণের পর বেসরকারি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে পূবালী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
পাঠকের মন্তব্য