![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংক খাতের আর্থিক দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার ও পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলমান উদ্যোগের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র পেতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের দাবি, একিউআরের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার প্রকৃত চিত্র উঠে এসেছে। ব্যাংক খাতের প্রকৃত অবস্থা নির্ণয়কে টেকসই সংস্কারের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে সংস্থাটি। তাদের মতে, একিউআরের ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা গত দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘ সময়ের পুঞ্জীভূত অনিয়মের প্রতিফলন।
ব্যাংক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি পদক্ষেপও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখা এবং আমানতকারীদের সুরক্ষায় জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন।
এ ছাড়া ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
দীর্ঘমেয়াদে ব্যাংক খাতকে ঝুঁকি সহনশীল ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ এবং ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে ব্যাংকগুলোকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, আগামী চার বছরে সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংক খাতে জনআস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
পাঠকের মন্তব্য