![]()
ইবি রিপোর্ট
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে এবং তাঁরা বর্তমানে কারাগারে আছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পতন হয়েছে এবং তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে তারা নিজেদের আশ্রয়স্থলে অবস্থান করছে। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী ও অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে, ইতিহাসে এ ধরনের ঘটনার নজির রয়েছে। উদাহরণ হিসেবে জার্মানির নাৎসি বাহিনীর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই বাহিনীর সদস্যরা পরবর্তী সময়ে আর রাজনীতি করতে পারেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদেও তিনি জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি আর বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে না। তাঁর দাবি, এসব গোষ্ঠীর মধ্যে কখনোই গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতির চর্চা ছিল না।
তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ বিষয়টি আইনানুগভাবে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবে বলে বক্তব্য দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পাঠকের মন্তব্য