![]()
ইবি রিপোর্ট
গাজীপুরের শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুরের বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত কয়েকটি জায়গায় শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণাকেন্দ্রের সামনে শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় ঢাকা অভিমুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এদিকে নতুন বাজার থেকে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকদের একটি অংশ অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এরপরও শ্রমিকদের ছোট ছোট দল বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজারের মেঘনা হাই ফ্যাশন।
আন্দোলনকারী শ্রমিকদের ভাষ্য, আশপাশের অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা না করায় শ্রমিকদের একাংশ কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। তাদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া কিংবা অংশ না নেওয়া—সব শ্রমিকের বেতন বাড়াতে হবে। একদল শ্রমিক সড়কে আন্দোলন করবেন, আর অন্যরা কারখানায় কাজ করবেন—এ ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। এ কারণে সব কারখানার শ্রমিকদের আন্দোলনে সমর্থন ও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য