![]()
ইবি রিপোর্ট
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মো. মাহবুব আলম। ব্যাংকটির প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির আর্থিক প্রবৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন মাহবুব আলম। এর আগে ব্যাংকিং খাতের বিভিন্ন পর্যায়ে কাজ করার পাশাপাশি একাধিক ব্যাংকের শাখা ও করপোরেট ব্যাংকিং বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
মো. মাহবুব আলমের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস)। পরের বছর, ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন তিনি। এর মধ্য দিয়ে তার ব্যাংকিং পেশার সূচনা হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বের পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে শাখা পরিচালনা, করপোরেট ব্যাংকিং এবং ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন মাহবুব আলম।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন মো. মাহবুব আলম। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।
নতুন এমডির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জনতা ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, মাহবুব আলমের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
পাঠকের মন্তব্য