![]()
ইবি রিপোর্ট
শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি, আর্থিক সচেতনতা এবং পেশাগত দক্ষতা বাড়াতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক কর্মসূচি।
সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংকের তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর প্রাইম ব্যাংক ও ডিআইইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি তরুণদের সঙ্গে ব্যাংকটির সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ।
ডিআইইউর পক্ষ থেকে আয়োজনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি মক ইন্টারভিউয়ের ব্যবস্থা রাখা হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন। একই সঙ্গে চাকরির সাক্ষাৎকারে নিজেদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা কীভাবে উপস্থাপন করতে হয়, সে বিষয়ে অনুশীলনের সুযোগ পান।
প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মজীবন ও আর্থিক সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে জানার সুযোগ পান। অন্যদিকে মক ইন্টারভিউ তাদের বাস্তব চাকরির সাক্ষাৎকারের পরিবেশে নিজেদের প্রস্তুতি যাচাই এবং উপস্থাপনার অনুশীলনে সহায়তা করে।
প্রাইম ব্যাংকের এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান, কর্মজীবনসংক্রান্ত প্রস্তুতি এবং পেশাগত দক্ষতা বিকাশের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ডিআইইউর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগও এ সহযোগিতার অংশ।
পাঠকের মন্তব্য