![]()
ইবি রিপোর্ট
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয় কর্মকর্তা-কর্মচারী ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বুধবার সকালে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. ইজহারুল হক জানান, রাতে ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী মো. অলি মিয়া এবং গ্রাম পুলিশ জাহেদ মিয়া ও অন্তু দাস। তারা ভবনের নিচতলায় পাহারা দিচ্ছিলেন। অন্যদিকে, দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়টি কেচি গেট দিয়ে তালাবদ্ধ ছিল।
হঠাৎ পোড়া গন্ধ পেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা গেটের তালা খুলে দ্বিতীয় তলায় যান। সেখানে ইউএনওর কক্ষের কাছে আগুন দেখতে পান তারা। এ সময় কাছে থাকা দুটি অগ্নিনির্বাপক স্প্রে ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে তাদের চিৎকার শুনে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা সাজেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ এলাকার লোকজনের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ছোট ছোট বালতিতে সামনের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ভবনটি পাকা হওয়ায় আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে সেখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ওপরতলার কক্ষে যাওয়ার প্রবেশপথ গেট ও তালা দিয়ে বন্ধ ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউএনওর কক্ষ ছাড়া ভবনের অন্য কোনো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি।
ইউএনও অলিদুজ্জামান বলেন, ভোরে নিজের কার্যালয়ে আগুন লাগার খবর পান তিনি। কার্যালয়ের সব দরজা-জানালা বন্ধ থাকায় প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। অগ্নিকাণ্ডে তাঁর বসার সোফা সেট, বড় এলইডি টিভি, আইপিএসসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। পাশের চা তৈরির কক্ষের দরজাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাশের অন্য কোনো কক্ষের ক্ষতি হয়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
পাঠকের মন্তব্য