![]()
ইবি রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় নয়, প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন হাসনাত আবদুল্লাহ।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ঋণ ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা।
হাসনাত আবদুল্লাহর অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ প্রক্রিয়া, ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে। একই সঙ্গে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া এবং এ খাতে সরকারের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলা হয়েছিল। অর্থমন্ত্রীও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়ায় প্রশ্ন তোলেন তিনি। হাসনাত বলেন, ২০২৪ সালের পর থেকে সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে কী যোগ্যতা বিবেচনা করা হয়েছে, তা জানা প্রয়োজন।
নিয়োগের মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর বক্তব্য, নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া সম্পর্কে শুধু সরকারই জানবে, নাকি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে একটি স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা হবে, তা পরিষ্কার হওয়া দরকার। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি কখন বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি ব্যাংক থেকে কাউকে সরকারি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এসব নিয়োগে প্রার্থীর যোগ্যতাকেই প্রধান বিবেচনা করা হচ্ছে। এ জন্য একটি প্যানেল রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া এবং তাঁদের জীবনবৃত্তান্ত যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, কোনো প্রার্থী বেসরকারি ব্যাংক থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি নিয়োগের ক্ষেত্রে মুখ্য নয়। ব্যাংকগুলোকে বর্তমান সংকট থেকে বের করে আনতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুধু ব্যবস্থাপনা পরিচালক নয়, পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রেও প্যানেল থেকে যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ দেওয়া হবে না।
ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের মধ্যে ব্যাংকের প্রতি আস্থা ফিরছে। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, বর্তমানে পরিস্থিতি তার বিপরীত। ব্যাংকগুলোতে নিট আমানতের পরিমাণ বাড়ছে এবং খাতটি পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ কার্যক্রমও ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মন্তব্য