![]()
ইবি রিপোর্ট
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। রিমান্ড পাওয়া দুজন হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল ও সুকুমার হালদার।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন উপস্থিত জনতা। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনসহ বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস গত ১১ নভেম্বর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য আদালত সোমবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আসামিদের আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তাদের জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।’
এদিকে, একই মামলায় শনিবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও সেখানে উপস্থিত লোকজনের সহযোগিতায় দুজনকে আটক করা সম্ভব হয়। তবে বাকি ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
ঘটনার তদন্তের অংশ হিসেবে গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
পাঠকের মন্তব্য