![]()
ইবি রিপোর্ট
দেশে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সার সংকট নিয়ে ছড়ানো কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। রবি ও বোরো মৌসুমে কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে।সোমবার কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। পিআইডির এক বার্তায় বলা হয়েছে, সারা দেশে কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রয়েছে। এ অবস্থায় সার সংকট নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে রাসায়নিক সারের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে সারের মোট মজুদ ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি বছরে সেই মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে মজুদ বেড়েছে ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।
বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুদ রয়েছে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন মজুদ রয়েছে। ডিএপি সারের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন। পাশাপাশি এমওপি সার মজুদ রয়েছে ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সার বিতরণ হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন।
বিতরণ করা সারের মধ্যে ইউরিয়া রয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন। একই সময়ে টিএসপি বিতরণ করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন। এ ছাড়া ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।
এদিকে চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।