![]()
ইবি রিপোর্ট
ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণকে ঘুষের বাইরে রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর মতে, প্রতিমন্ত্রীর বক্তব্যের বেশির ভাগ অংশ সঠিক হলেও একটি জায়গায় ভুল রয়েছে। উপহার হিসেবে অভিহিত করলেও ঘুষের লেনদেন যে অবৈধ ও অনৈতিক, সেটি উল্লেখ করে তিনি জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড সরকার কিংবা দল সমর্থন করে না।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পোস্টে ইশরাক লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।’
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো ধরনের অবৈধ কিংবা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ও চর্চার বিষয় হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ইশরাকের ভাষ্য, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।’
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়ে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ বলা যাবে না। এ ধরনের উপহার গ্রহণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ছিল, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগতমান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ আমার ৫ লাখ… এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’
একই অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মান বজায় রাখার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। পাশাপাশি প্রকৌশলীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন তাঁর ফেসবুক পোস্টে ঘুষ ও উপহারের মধ্যে পার্থক্য টানার বিষয়টি নিয়ে আপত্তি জানান। একই সঙ্গে তাঁর বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে প্রচারের আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য