![]()
ইবি রিপোর্ট
দেশের বাজারে সোনার দামে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার নতুন করে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে একই সময়ে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
বাজুস আজ সকাল ১০টায় সোনার সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করেছে। এর আগে গতকাল বুধবার প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। তার আগের শুক্রবারও একই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছিল। সব মিলিয়ে শেষ তিন দফায় প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
অন্যদিকে, এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
সর্বশেষ মূল্য সমন্বয়ের আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার আগের মূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
নতুন সিদ্ধান্তে সব ধরনের সোনার দাম কমেছে। তবে রুপার মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাজুস।