![]()
ইবি বিনোদন রিপোর্ট
নারীদের কর্মজীবন ও সন্তান লালন-পালন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক মন্তব্যকে ঘিরে। স্বামী-স্ত্রী দুজনের চাকরি করার বিষয়টি নিজের পছন্দ নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে পাল্টা যুক্তি দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সন্তান পালনে বাবা-মায়ের সমান দায়িত্ব এবং নারীদের কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করার বিষয়টি তাঁর পছন্দ নয়। তাঁর মতে, বাবা-মা দুজন কর্মজীবী হলে তাঁদের ব্যস্ততার প্রভাব পড়ে সন্তানদের ওপর।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান শবনম ফারিয়া।
নিজের পোস্টে দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের উদাহরণ তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি লেখেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার। এর আগে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর কন্যাও অটিজম নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কাজ করেছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী যখন তাঁর স্ত্রীর মাথায় ছাতা ধরে রাখেন, তখন সেই দৃশ্য থেকে নারীরা নিজেদের স্বামীদেরও এমন আচরণ শেখার কথা বলেন বলে উল্লেখ করেন ফারিয়া। সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটি ছবির উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এসব ঘটনা নারীদের জন্য অনুপ্রেরণা। এগুলো থেকে তাঁরা বিশ্বাস করতে শেখেন, অন্যরা পারলে তাঁরাও পারবেন।
তবে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্যকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন অভিনেত্রী।
ফারিয়া লেখেন, আমাদের দেশে নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করা হচ্ছে। মেয়েদের শিক্ষার সুযোগ তৈরি এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল অবস্থান থেকে বাবা-মা দুজনের চাকরি করা পছন্দ নয়—এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।
সন্তান লালন-পালনের কারণে নারীদের ক্যারিয়ার ছেড়ে দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। ফারিয়া জানান, সম্প্রতি একটি নিবন্ধে পড়েছেন, করপোরেট খাতে মধ্যপর্যায়ের ক্যারিয়ারে থাকা অনেক নারী শুধু সন্তান লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন।
তাঁর মতে, নারীদের চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন। সন্তান লালন-পালন শুধু মায়ের নয়, বাবা ও মা দুজনেরই সমান দায়িত্ব হওয়া উচিত।
এ জন্য প্রতিটি অফিসে মানসম্মত ডে-কেয়ারের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়ার কথাও বলেছেন। এতে সন্তানকে রেখে কাজে যাওয়ার সময় মায়েদের অপরাধবোধে ভুগতে হবে না। একই সঙ্গে চাকরি ও সন্তান লালন-পালন দুটোই চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করেন ফারিয়া।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, একজনের আয়ে সন্তানদের সুন্দর জীবন দেওয়া, ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো কিংবা ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে কেউ কেউ ঘুষ, দুর্নীতি কিংবা চুরির মতো অনৈতিক পথ বেছে নিতে পারেন। আর এভাবেই বছরের পর বছর দুর্নীতিতে প্রথম স্থান ধরে রাখার পরিস্থিতি তৈরি হতে পারে।
সব মিলিয়ে নারীদের কর্মজীবন ও পরিবার সামলানোর বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে নিয়ে এসে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শবনম ফারিয়া।
পাঠকের মন্তব্য