![]()
ইবি রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুরোনো বৈদ্যুতিক সংযোগের ত্রুটির বিষয়টিও সামনে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে এটি নাশকতার ঘটনা কি না, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত রাতে অর্থাৎ ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ঘটনাস্থলটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে বাড়িটির অবস্থান। টিনশেডের আধাপাকা ওই বাড়িতে ঘটনার সময় কেউ বসবাস করতেন না।
বাড়িটিতে দুটি ছাগলসহ কিছু মালামাল রাখা ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে প্রায় ২০ মিটার দূরের তিনতলা ভবনে থাকেন নুসরাতের বাবা-মা।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকালে তিনি নিজেও পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠান বলে জানান।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে বিজিবির একটি দলও যায় বলে জানান তিনি। ৯৯৯-এ খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে।
পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগুন লেগেছে, না লাগিয়েছে- এটা তদন্তের নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।”
তিনি বলেন, পরিত্যক্ত হলেও বাড়িটি একজন সংসদ সদস্যের হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিজিবির রিপোর্টে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি।
পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। “ধারণা করা হচ্ছে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি,” বলেন তিনি।
পুরোনো বাড়িটির বৈদ্যুতিক ওয়ারিংয়ে দুর্বলতা ছিল বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তার ভাষায়, “অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে।”
তিনি বলেন, “এটা অনুমান, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।” বাড়িটিতে জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড়ও ছিল।
আগুনের ঘটনায় সেখানে থাকা দুটি ছাগল মারা গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছেন তদন্তসংশ্লিষ্টরা।
তিনি বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়ালের অবস্থা, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পুরোনো বৈদ্যুতিক সংযোগের দুর্বলতার বিষয়টি পাওয়া গেছে।
একটি ছবিতে শর্ট সার্কিটের মতো ঘটনার সম্ভাবনাও দেখা গেছে বলে জানান তিনি। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর এবং তদন্তের ফলের অপেক্ষা রয়েছে।
নাশকতার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকলে অধিকতর তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দৌলতপুর থানায় ইতিমধ্যে ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ওই জিডির ভিত্তিতে ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি।
এর আগে সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোনো সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সবার জন্যই উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাটি দ্রুত তদন্ত করে সংসদে জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান স্পিকার। বিষয়টি জানা থাকলে তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ার আহ্বানও জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে প্রস্তুতি নিয়েই সংসদে এসেছেন। অনুমতি পেলে তিনি ঘটনাটি নিয়ে বক্তব্য দিতে পারবেন বলেও জানান।