![]()
ইবি রিপোর্ট
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত যদি শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে সেই আইন অনুযায়ী আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খাঁন।
ভিডিওতে তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজেই সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এর পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করেন। এসব ভিডিওতে দাবি করা হয়, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন রাশেদ। তার ভাষ্য, এই অনুসন্ধানের মাধ্যমে আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।
এদিকে ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার বিষয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে মিথ্যাচার করেছেন আমির হামজা।
রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকারের পরিবর্তে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ জানান, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং ওই সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
অন্যদিকে আমির হামজা কিংবা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি বলে অভিযোগ করেন রাশেদ। তার দাবি, এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিরা আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার বক্তব্য, জামায়াতের আমিরও এ বিষয়ে জানেন।
সবশেষে আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে জামায়াতের শরিয়া আইন বাস্তবায়নের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা তাদের স্পষ্ট করা উচিত।
রাশেদ বলেন, “আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে?”
তিনি আরও বলেন, জামায়াত শরিয়া আইনের কথা বললেও এ ধরনের ঘটনায় তাদের অবস্থান ভিন্ন হলে তা মুনাফিকি এবং জনগণের সঙ্গে মিথ্যাচারের শামিল। এসব ঘটনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মন্তব্য