![]()
ইবি রিপোর্ট
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সময় সরকার নির্ধারিত ফির বেশি অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়াও নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা জারি করে। তাতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা নিতে পারবে।
সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমাও ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠান ভর্তির সময় সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি ধরা হবে। উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। কিন্তু কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফ করতে হবে।
বেতন ও টিউশন ফি বাড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবরের পরিপত্র মানতে হবে। ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত সীমার বাইরে কোনো অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করে বাড়তি অর্থ নেওয়ার প্রমাণ মিললে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন গ্রহণের শেষ সময় পার হলে বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও নির্দেশনা আছে। প্রশ্ন হতে হবে মানসম্মত ও শ্রেণি উপযোগী। সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই অনুসরণ করে প্রশ্ন বানাতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাস নিশ্চিত করতে হবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরীক্ষা কমিটি বা প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে পারবেন।