![]()
ইবি রিপোর্ট
ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে। ১৯ নভেম্বর ট্রেন দুটির উদ্বোধন হবে। এ উপলক্ষে প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট মিলবে।
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এরপর থেকে নির্ধারিত নিয়মে প্রতিটি যাত্রার ১০ দিন আগে অনলাইনে টিকিট বিক্রি হবে।
উদ্বোধনী দিন ১৯ নভেম্বর পাবনা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছাড়বে। এর টিকিট অনলাইনে মিলবে না। পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে তা নিতে হবে। এই যাত্রায় পাবনা ও ঢাকার মধ্যে ট্রেনটি শুধু ঈশ্বরদীতে থামবে।
২০ নভেম্বর থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। ওই দিন পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছাড়বে। পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার পথে রওনা দেবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।