![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ক্লিনটনের সুন্দরীপ্রীতি, সারকোজির প্রেম এবং ডায়ানার আন্তরিকতা—সবই উঠে এসেছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায়। সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এসব অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। বিভিন্ন সময়ে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের স্মৃতিও স্থান পেয়েছে বইটিতে।
যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা আট বছর দায়িত্ব পালন করেন তিনি। ২০০০ সালে আনুষ্ঠানিক সফরে ভারতে এসেছিলেন ক্লিনটন। তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সোনিয়াও। আত্মকথায় সেই সফর ও অনুষ্ঠানের অভিজ্ঞতা লিখেছেন তিনি।
মেয়ে চেলসিকে নিয়ে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে মৌর্য শেরাটন হোটেলে উঠেছিলেন ক্লিনটন। সোনিয়া লিখেছেন, তখন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্লিনটনের হোটেলে দেখা করতে গিয়েছিলেন। তাঁর বর্ণনায়, ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসী। তবে অন্যদের কথা শোনার চেয়ে নিজের মতামত জানাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি।
কাশ্মীর প্রসঙ্গে ক্লিনটনের বক্তব্যও তুলে ধরেছেন সোনিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্লিনটন কাশ্মীরকে পারমাণবিক সংঘাতের কেন্দ্রবিন্দু বলেছিলেন। অঞ্চলটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর অন্যতম হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।
মনিকা লিউনস্কি কেলেঙ্কারির প্রসঙ্গও এসেছে সোনিয়ার লেখায়। সে সময় বিতর্কটি অনেকটা স্তিমিত হয়ে এসেছিল। তবে ক্লিনটনের আচরণে তাঁর পুরোনো স্বভাবের প্রকাশ দেখেছিলেন সোনিয়া। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে বিষয়টি তাঁর নজরে আসে।
সোনিয়া লিখেছেন, অনুষ্ঠান চলাকালে ক্লিনটন মাঝেমধ্যেই উপস্থিত সুন্দরী নারীদের দিকে আড়চোখে তাকাচ্ছিলেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘স্বভাব যায় না মলে।’ ক্লিনটনের আচরণ দেখে পুরোনো অভ্যাস সহজে বদলায় না বলেই মনে হয়েছিল তাঁর।
শুধু ক্লিনটন নন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে নিয়েও নিজের অভিজ্ঞতা লিখেছেন সোনিয়া। ২০০৮ সালে ভারত সফরে এসেছিলেন সারকোজি। তবে সে সময় তাঁর সঙ্গিনী কার্লা ব্রুনি সফরসঙ্গী হননি। তখনো তাঁদের বিয়ে হয়নি বলে সরকারি অনুষ্ঠানে অস্বস্তি এড়াতে তাঁকে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল বলে শোনা যায়।
সোনিয়া লিখেছেন, নৈশভোজের টেবিলে সারকোজির পাশে বসেছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারির স্ত্রী। তিনি সারকোজিকে বিয়ের পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন করছিলেন। জানতে চেয়েছিলেন, তিনি বিয়ে করবেন কি না, করলে কবে করবেন। বিয়ের তারিখ ঠিক হয়েছে কি না, কার্লাকে মিস করছেন কি না—এসবও জানতে চেয়েছিলেন তিনি।
সোনিয়ার বর্ণনায়, এসব প্রশ্নে সারকোজিকে বিচলিত মনে হয়নি। বরং নিজের প্রেমের নানা বিষয় জানাতে আগ্রহী ছিলেন তিনি। প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মুঠোফোনে অবিরাম কার্লাকে খুদে বার্তা পাঠাচ্ছিলেন সারকোজি।
কয়েক বছর পর আবারও সারকোজির সঙ্গে দেখা হয় সোনিয়ার। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রীর দেওয়া ব্যক্তিগত নৈশভোজে উপস্থিত হয়েছিলেন তাঁরা। তত দিনে সারকোজি ও কার্লা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুজন একসঙ্গেই ওই অনুষ্ঠানে এসেছিলেন।
সোনিয়া লিখেছেন, কার্লা ইতালি ও ফরাসি বংশোদ্ভূত। তিনি ছিলেন লম্বা, সুন্দরী এবং ইউরোপের জনপ্রিয় গায়িকা ও গীতিকার। পাশাপাশি শীর্ষস্থানীয় মডেল হিসেবেও পরিচিত ছিলেন তিনি। নৈশভোজে কার্লাকে দেখে সারকোজির গভীর আকর্ষণও সোনিয়ার চোখে পড়েছিল।
একটি মার্জিত লম্বা গাউন পরে অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন কার্লা। তাঁর সৌন্দর্য ও উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। সোনিয়ার বর্ণনায়, কার্লা ছিলেন ছিপছিপে গড়নের, সংযত স্বভাবের এবং নীল চোখের অধিকারিণী। তিনি সৌজন্যপূর্ণভাবে কথা বললেও খুব বেশি কথা বলেননি।
অন্যদিকে, সারকোজি বিভিন্ন বিষয়ে একটানা নিজের বক্তব্য তুলে ধরছিলেন। ভারতের কী করা উচিত, তা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। সারকোজির কথাবার্তাকে কিছুটা উদ্ধত মনে হয়েছিল সোনিয়ার। তাঁর মতে, সারকোজি ভুলে গিয়েছিলেন, মনমোহন সিং বয়সে বড়, অভিজ্ঞ এবং জ্ঞানে অনেক সমৃদ্ধ।
ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের স্মৃতিও আত্মকথায় স্থান পেয়েছে। বিশেষ করে প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বিস্তারিত লিখেছেন সোনিয়া। তাঁর ভাষায়, কয়েক প্রজন্ম ধরে ব্রিটিশ রাজপরিবারের কিছু সদস্যের সঙ্গে তাঁদের পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রাজীব গান্ধীর সঙ্গেও প্রিন্স চার্লসের সম্পর্ক ছিল মধুর।
তবে রাজপরিবারের প্রকৃত তারকা হিসেবে ডায়ানাকেই দেখতেন সোনিয়া। তাঁর বর্ণনায়, ডায়ানা ছিলেন লম্বা ও ছিপছিপে গড়নের। বড় নীল চোখ, মনভোলানো হাসি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল তাঁর।
১৯৮১ সালে রাজীব গান্ধী ও সোনিয়া ডায়ানা-চার্লসের বিয়েতে উপস্থিত ছিলেন। নববধূ হিসেবে ডায়ানার সৌন্দর্য সোনিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল। তবে ১৯৯২ সালে তাঁদের ভারত সফরের সময় দাম্পত্যে অস্বস্তির বিষয়টি তাঁর চোখে পড়ে।
তাজমহলের সামনে একটি বেঞ্চে একা বসে ছবি তুলেছিলেন ডায়ানা। সোনিয়া ওই বেঞ্চকে ‘প্রেমের বেঞ্চ’ বলে উল্লেখ করেছেন। ডায়ানার সেই বিখ্যাত ছবির প্রসঙ্গও আত্মকথায় স্মরণ করেছেন তিনি।
সেদিন বিকেলে প্রিন্স চার্লস ও ডায়ানা সোনিয়াদের বাড়িতে চা পান করতে গিয়েছিলেন। চার্লসকে খোলামেলা ও রসিক মনে হয়েছিল তাঁর। তবে ডায়ানাকে কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল। উজ্জ্বল লাল ও বেগুনি পোশাকে তাঁকে অপরূপ সুন্দর লাগছিল বলেও লিখেছেন সোনিয়া।
সেদিন ডায়ানার সঙ্গে ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে কথা হয়েছিল তাঁর। সোনিয়ার মা তখন ভারতে অবস্থান করছিলেন। ডায়ানার সঙ্গে দেখা করার জন্য তিনিও আগ্রহী ছিলেন। সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কাও চাইছিলেন, তাঁর নানি যেন রাজকুমারীর সঙ্গে পরিচিত হন।
ডায়ানা জানতে চেয়েছিলেন, সোনিয়ার মা এত চুপচাপ কেন। উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁকে কথা বলতে নিষেধ করা হয়েছে। কারণ, তিনি শুধু ইতালীয় ভাষায় কথা বলতে পারেন। বিষয়টি শুনে হেসে উঠেছিলেন ডায়ানা। এরপর তিনি সোনিয়ার মায়ের দিকে হাত বাড়িয়ে ইতালীয় ভাষায় বলেন, ‘পিয়াচেরে, কোমে স্তাই?’ অর্থাৎ, আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগল। কেমন আছেন?
সোনিয়ার মতে, ডায়ানা সঠিক ইতালীয় উচ্চারণে কথাগুলো বলেছিলেন। তাঁর কথার উষ্ণতা ও আন্তরিকতায় সবাই মুগ্ধ হয়েছিলেন। চা পান ও কিছুক্ষণ গল্পের পর তাঁরা ডায়ানা ও চার্লসকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। বিদায়ের সময় মাঝপথে থেমে ডায়ানা সোনিয়ার মাকে হাত নেড়ে বলেছিলেন, ‘চাও নন্না।’ এর অর্থ, বিদায় নানি।
ডায়ানার সঙ্গে শেষ সাক্ষাতের ঘটনাটিও স্মরণ করেছেন সোনিয়া। লন্ডনের একটি সেলুনে হেয়ারড্রেসারের কাছে গিয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ পাশেই পরিচিত মুখ ডায়ানাকে দেখতে পান। একটি কাগজে ‘হাই’ লিখে তাঁর দিকে বাড়িয়ে দেন সোনিয়া। কিন্তু লিখতে গিয়ে ভুল করে ‘Hi’-এর পরিবর্তে ‘Hye’ লিখেছিলেন তিনি।
ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে। ডায়ানা হাসিমুখে চিরকুটটি নিজের হ্যান্ডব্যাগে রেখে দেন। এরপর পরিচিত হাসি নিয়ে সোনিয়ার দিকে তাকান। দুজন নিচু স্বরে কয়েকটি কথা বলেন। অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাননি কেউই। সেটিই ছিল ডায়ানার সঙ্গে সোনিয়ার শেষ সাক্ষাৎ।
প্রয়াত রাজকুমারীকে নিয়ে বহু আলোচনা ও লেখালেখি হয়েছে বলে উল্লেখ করেছেন সোনিয়া। তাঁর জীবন, বিয়ে, সন্তান এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে এখনো টেলিভিশন ধারাবাহিক তৈরি হচ্ছে। জীবদ্দশায় ডায়ানাকে নিয়ে বিভিন্ন সমালোচনাও হয়েছিল। তাঁকে আদুরে ও অভিযোগপ্রবণ বলা হতো। সবকিছু থাকার পরও কেন তিনি অন্যায় আচরণের শিকার হওয়ার অনুভূতি প্রকাশ করতেন, তা নিয়েও প্রশ্ন উঠেছিল।
তবে সোনিয়া লিখেছেন, শুরু থেকেই ডায়ানার প্রতি তাঁর সহানুভূতি ছিল। এখনো সেই অনুভূতি অটুট রয়েছে।