![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা একটি সামরিক বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার দুটি শক্তিশালী এআই চিপ কিনেছে। গত অক্টোবরে কেনা চিপ দুটির মূল্য ছিল ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলার।
কেনাকাটার নথি অনুযায়ী, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ানে চিপ দুটি সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়টির সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এনভিডিয়ার এইচ২০০ মডেলের চিপ দুটি কেনার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে পাওয়া গেছে। নথিটি প্রকাশ করা হয় গত ২১ অক্টোবর।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে ফাঁক থাকার বিষয়টিও সামনে এসেছে।
এদিকে চীনে এআই চিপ বিক্রির বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে রয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সম্প্রতি এক চীনা নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ওই নারীকে গুপ্তচর হিসেবে সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দারা।
হুয়াংয়ের যুক্তি, চীনে মার্কিন চিপ বিক্রি অব্যাহত থাকলে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় থাকবে। একই সঙ্গে চীনা গ্রাহকেরা মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবেন।
তবে মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, এসব শক্তিশালী চিপ চীনের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। এর মাধ্যমে সামরিক আধুনিকায়ন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং নতুন অস্ত্রের নকশা তৈরির কাজ এগিয়ে নিতে পারবে দেশটি।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত চীনা নারী গুপ্তচরের যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। এ বিষয়ে ব্রিফিং দিতে ১৮ নভেম্বর তাঁকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান।
বিশ্ববিদ্যালয়টি যেভাবে চিপ পেল
নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চীনের সামরিক গবেষণাকেন্দ্রিক সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি। প্রতিষ্ঠানগুলো ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত।
ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান নিয়ে বেইজিংয়ের হয়ে গবেষণায় যুক্ত থাকার অভিযোগে ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টিকে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তালিকাটির নাম ‘এনটিটি লিস্ট’। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তি পাওয়ার সুযোগ সীমিত হয়।
কেনাকাটার নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা অনুষদের জন্য চিপ দুটি সংগ্রহ করা হয়েছে। তবে সরাসরি এনভিডিয়ার কাছ থেকে সেগুলো কেনা হয়নি। চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি’র মাধ্যমে চিপ দুটি সংগ্রহ করা হয়।
এনভিডিয়ার এইচ২০০ বিশ্বের শক্তিশালী চিপগুলোর একটি। উন্নত এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণে এটি ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী, এই চিপ রপ্তানিতে মার্কিন সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের কাছে এটি বিক্রির অনুমতি পাওয়ার কথা নয়।
সরাসরি কেনার পাশাপাশি সার্ভারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। চলতি বছর চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের সেবা নেওয়া হয়েছে। এমন অন্তত পাঁচটি চুক্তির তথ্য পাওয়া গেছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এ বিষয়ে মন্তব্য করেনি। এনভিডিয়াও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সরবরাহকারী প্রতিষ্ঠান শানসি বোসুয়ানের কোনো যোগাযোগের ঠিকানাও পাওয়া যায়নি।
সামরিক গবেষণায় এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে শর্তসাপেক্ষে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে প্রতিটি চালানের জন্য আলাদা অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। পাশাপাশি কালো তালিকাভুক্ত বা সামরিক প্রতিষ্ঠানগুলো যাতে দূর থেকে এসব চিপ ব্যবহার করতে না পারে, সেই শর্তও দেওয়া হয়েছে।
কিন্তু নথিপত্রে বিশ্ববিদ্যালয়টির চিপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। গত জানুয়ারিতে প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা অনুষদ দুটি চুক্তি করে। সাত মাস মেয়াদি চুক্তিগুলোর আওতায় আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের কথা ছিল।
প্রায় ৮ লাখ ৮৩ হাজার ইউয়ানের এসব চুক্তির উদ্দেশ্য ছিল এআই মডেল উন্নত করা। পাশাপাশি রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল।
এ ছাড়া চলতি বছরের আরও ২৬টি সরকারি নথি পর্যালোচনা করা হয়েছে। সেসব নথিতে চীনের বিভিন্ন সামরিক বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রের চিপ কেনার তথ্য রয়েছে। স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে তারা এনভিডিয়ার নিষিদ্ধ চিপ সংগ্রহ করছে। কোনো কোনো প্রতিষ্ঠান চিপযুক্ত সার্ভারের সেবাও ভাড়া নিচ্ছে।
গত এপ্রিলে সামরিক গবেষণায় যুক্ত বেইহাং ইউনিভার্সিটি চারটি ‘এ৮০০’ চিপ কেনে। সেপ্টেম্বরে শেনজেন ইউনিভার্সিটি সংগ্রহ করে তিনটি ‘এইচ১০০’ চিপ। জুনে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি এইচ১০০ সার্ভার ও চারটি ‘এ১০০’ চিপ কেনে। এসব চিপের সবই চীনে রপ্তানির জন্য নিষিদ্ধ।
এর আগে ডেল বা গিগাবাইটের তৈরি সার্ভারের ভেতরে থাকা এনভিডিয়ার চিপ চীনে পৌঁছানোর তথ্য সামনে এসেছিল। স্থানীয় পুনর্বিক্রেতা কিংবা তৃতীয় কোনো দেশের মজুত থেকে এসব চিপ চোরাপথে আনা হয়। এভাবেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে চীনের সামরিক বিশ্ববিদ্যালয়গুলো এনভিডিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে।